Bangladesh · 2026-11-08 20:26:27

​হালুয়াঘাটে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

​হালুয়াঘাটে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন
ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে 'কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২০২৬'-এর ১ম ধাপের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি কলেজ প্রাঙ্গণে এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর আনসার ব্যাটালিয়নের (নালিতাবাড়ী) পরিচালক রোকসানা বেগম, বিভিএমএস।

​প্রধান অতিথির বক্তব্যে রোকসানা বেগম বলেন, "আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) দেশের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী বাহিনী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ছাত্রজীবন থেকেই শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, দেশপ্রেম ও স্বেচ্ছাসেবী মনোভাব জাগ্রত করতেই এই প্রশিক্ষণের আয়োজন।

এই মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মনির্ভরশীল ও সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।" তিনি প্রশিক্ষণার্থীদের অত্যন্ত মনোযোগ ও নিষ্ঠার সাথে এই প্রশিক্ষণ সম্পন্ন করার আহ্বান জানান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার ধর।

​হালুয়াঘাট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মো: নাজমুল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বক্তারা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশিক্ষক রাজীব আহমেদ ও উপজেলা প্রশিক্ষিকা তাসলিমা আক্তার লিয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যবৃন্দ এবং প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Source - www.bd24live.com ↗