Bangladesh · 2026-11-08 20:27:26

বরিশালে নারীদের গোপনে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

বরিশালের উজিরপুরে বাসাবাড়িতে নারীদের গোপনে আপত্তিকর ভিডিও ধারণ এবং তা দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (৭ নভেম্বর) গভীর রাতে উজিরপুর শহরের উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (৮ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম। অভিযুক্ত ওই ব্যক্তির নাম বায়জীদ হোসেন মিঠু। তিনি উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বায়জীদ হোসেন মিঠু দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে বিভিন্ন বাসাবাড়ির জানালা ও বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে নারীদের অজান্তে ভিডিও ধারণ করতেন।

পরবর্তী সময়ে এসব গোপন ভিডিও দেখিয়ে সংশ্লিষ্ট নারীদের অনৈতিক কাজে বাধ্য করা ও ব্ল্যাকমেইল করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। শনিবার রাতে উপজেলা পরিষদ এলাকার একটি বাসার ভেন্টিলেটর দিয়ে গোপনে ভিডিও ধারণের সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে উত্তমমধ্যম দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

উজিরপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, আটকের পর অভিযুক্ত মিঠুর ব্যবহৃত মুঠোফোন তল্লাশি করে পাঁচটি আপত্তিকর ভিডিও পাওয়া গেছে। উদ্ধারকৃত ভিডিওগুলোর মূল বিষয়বস্তু এবং এ ঘটনার সঙ্গে তার পূর্ণ সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তদন্তে অপরাধের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post বরিশালে নারীদের গোপনে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗