ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে সরকারবিরোধী নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি ও উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য আল আমিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার দত্তপাড়া গ্রামের আবুল কালামের ছেলে আল আমিন সরকার (৩০)। পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায়, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের নেতৃত্বে এবং ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনের সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশের একটি চৌকস দল দত্তপাড়া এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আল আমিন সরকার আওয়ামী লীগের অঙ্গসংগঠন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার একজন সক্রিয় সদস্য। তিনি ঈশ্বরগঞ্জ থানার নিয়মিত মামলা নং ৮(১১)২৫-এর এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সরকারবিরোধী বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং নিয়মিত সরকারবিরোধী মিছিলের আয়োজন ও নেতৃত্ব দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিলেন।
ঈশ্বরগঞ্জে সরকারবিরোধী নাশকতা মামলায় যুবলীগ নেতা আল আমিন গ্রেপ্তার
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নাশকতা রোধে তাকে আটক করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় যে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
The post ঈশ্বরগঞ্জে সরকারবিরোধী নাশকতা মামলায় যুবলীগ নেতা আল আমিন গ্রেপ্তার appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗