Bangladesh · 2026-11-08 22:16:37

বাউফলে বিএনপির দুই পক্ষের বিরোধ, হামলায় আহত ৫

বাউফলে বিএনপির দুই পক্ষের বিরোধ, হামলায় আহত ৫
পটুয়াখালীর বাউফলে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাজার ব্রিজের ওপর এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি র‍্যালি বের হয়। র‍্যালির সামনে থাকা সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেনকে পাশে সরে যেতে বলায় আপেল মাহমুদ ফিরোজের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এ নিয়ে র‍্যালির মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে র‍্যালি ও আলোচনা সভা শেষে রাত ৮টার দিকে আপেল ফিরোজ বাজার ব্রিজ এলাকায় গেলে আলতাফ হোসেনের ছেলে সাদেকের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী আপেল মাহমুদ ফিরোজ অভিযোগ করেন, বাজার করার জন্য ব্রিজের ওপর গেলে সাদেকের নেতৃত্বে রেদওয়ান, রানা ও নয়নসহ ৮-১০ জন তাঁর ওপর হামলা করেন। এ সময় তাঁর কাছে থাকা ৬২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে সাদেক হোসেন বলেন, র‍্যালির সময় আপেল ফিরোজের ধাক্কায় তাঁর বাবা আলতাফ হোসেনের পায়ের নখ উপড়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে ফিরোজ তাঁকে ঘুষি মারেন। এরপর তিনি আত্মরক্ষার্থে ফিরোজকে শুধু ধাক্কা দিয়েছেন। সাদেক আরও জানান, তাঁর বাবা দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং ২০২৬ সালের নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ছিলেন।

এ ঘটনায় বাউফল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Source - www.bd24live.com ↗