Bangladesh · 2026-11-08 21:35:45

গার্মেন্টস শ্রমিকদের নূন্যতম বেতন নির্ধারণে বসছে মজুরি বোর্ড

গার্মেন্টস শ্রমিকদের নূন্যতম বেতন নির্ধারণে বসছে মজুরি বোর্ড
গার্মেন্টস শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ নিয়ে দ্বিতীয়বারের মতো সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় ঢাকায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রোববার (৮ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গার্মেন্টস শিল্পে নিযুক্ত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে বোর্ডের দ্বিতীয় সভা আহ্বান করা হয়েছে।

বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। ঢাকার ৪০, সেগুনবাগিচায় শাহ পোরশিয়া ভবনের ১৪ তলায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক হবে।

সভায় বোর্ডের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

নোটিশ অনুযায়ী, সভার আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, গার্মেন্টস শিল্পের শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের প্রতিনিধিদের পৃথকভাবে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল এবং সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা।

সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের প্রস্তাব পর্যালোচনার মাধ্যমে গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ নিয়ে আলোচনা হবে।

Source - www.bd24live.com ↗