বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অঞ্জন চৌধুরী। সহসভাপতি কাজী জাহেদুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন জহিরুদ্দিন মাহমুদ মামুন।
আজ রোববার রাজধানীর বনানীর একটি হোটেলে অ্যাটকোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে নতুন এই কমিটি গঠন করা হয়। সভায় সংগঠনের সদস্য, কার্যনির্বাহী কমিটির নেতারা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।
নবগঠিত কমিটির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল, মোহাম্মদ মোসাদ্দেক আলী, মো. জসিম উদ্দিন, মো. লিয়াকত আলী খান মুকুল, টিপু আলম মিলন, মো. হাসান, নাভিদুল হক, শামীম ইসলাম ও সৈয়দ সামাদুল হক।
বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিগত সময়ের কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, আর্থিক প্রতিবেদন এবং দেশের টেলিভিশন সম্প্রচার খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং টেলিভিশন শিল্পের উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করেন উপস্থিত সদস্যরা।
অ্যাটকোর নতুন সভাপতি অঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম

নবনির্বাচিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্য টেলিভিশন চ্যানেলগুলোর স্বার্থ ও পেশাগত মর্যাদা রক্ষা এবং দেশের সম্প্রচারশিল্পের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Source - www.prothomalo.com ↗