Bangladesh · 2026-11-08 22:48:09

মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ: নিহত ৪, আহত অন্তত ৮৮

মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ: নিহত ৪, আহত অন্তত ৮৮
মিশরের গিজা শহরের কাছে দুটি ট্রেনের সংঘাতের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং ৮৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই হতাহতের খবরটি নিশ্চিত করেছে। মিশরের রেলওয়ে কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী অপর একটি ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষের তীব্রতায় ট্রেনটির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে খাদের নিচে পড়ে যায়। খবর পেয়ে হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে অন্তত ৭২টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে এক ট্রেনচালকও রয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। এক শোকবার্তায় তিনি বলেন, আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এছাড়া প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা এবং এর সঙ্গে জড়িত অবহেলাকারীদের দ্রুত জবাবদিহিতার আওতায় আনতে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সংস্থাসমূহকে নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে আশেপাশের হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। দুর্ঘটনাটি ঘটে আল-আইয়াত এলাকার কাফর আম্মার ও আল-রাক্কা স্টেশনের মধ্যবর্তী স্থানে।

এর ফলে গিজা ও উচ্চ মিশর অঞ্চলের মধ্যকার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, এর আগে ২০০২ সালে এই আল-আইয়াত অঞ্চলেই মিশরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আগুন লেগে ৩৭০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল।

The post মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ: নিহত ৪, আহত অন্তত ৮৮ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗