জয়পুরহাটের কালাইয়ে ফজলে রাব্বি (৪০) নামের এক শিক্ষকের বাগানের শতাধিক ফলদ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে উপজেলার মাত্রাই ইউনিয়নের উলিপুর ভেরেন্ডী গ্রামে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক নিজে বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ফজলে রাব্বি ওই গ্রামের আব্দুল মান্নান ফকিরের ছেলে ও তিনি ৪০তম বিসিএস শিক্ষা ক্যাডার হিসেবে কর্মরত। অভিযোগ সূত্রে জানা যায়, ৩৫ শতাংশ জমিতে বিভিন্ন ফলদ গাছের একটি বাগান গড়ে তুলেছিলেন। বাগানে দুই থেকে তিন বছর বয়সি লিচু, সুপারি, আম, ডালিমসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১১০টি গাছ ছিল। রোববার সকালে বাগানে গিয়ে তিনি গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান। নির্বিচারে গাছ কাটার ফলে তার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। ফজলে রাব্বি বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা বাগানটি ধ্বংস করে দিয়েছে। প্রতিটি গাছেই এবার ফল ধরার সম্ভাবনা ছিল। যারা এ অমানবিক কাজ করেছে, আমি তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এ বিষয়ে ওসি সাইদুল আলম জানান, বাগানমালিক ফোন করে বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ভুক্তভোগীর অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কালাইয়ে শিক্ষকের শতাধিক ফলদ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

The post কালাইয়ে শিক্ষকের শতাধিক ফলদ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗