জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে আগামীকাল মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশকে দেওয়া উন্নত বিশ্বের ক্ষতিপূরণ ও প্রযুক্তি হস্তান্তরের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেবেন তিনি। এছাড়া সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গেও তাঁর সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।
আজ সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ এক সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতারা জড়ো হচ্ছেন তুরস্কের আনতালিয়ায়। শুরু হওয়া জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১ এ এবারে গুরুত্ব পাচ্ছে জলবায়ু অর্থায়ন, কার্বন নিঃসরণ কমানো, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো ও জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো।
পররাষ্ট্র সচিব বলেন, এবারে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের এ সফরে আগামী ১২ নভেম্বর সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি। সেখানে দেশের জলবায়ু অবস্থান ও দাবি তুলে ধরবেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহ বাংলাদেশের মানুষের জীবন, জীবিকা ও উন্নয়নকে হুমকির মুখে ফেলছে। এ পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দেওয়া প্রতিশ্রুত অর্থ দ্রুত ছাড়ের দাবি জানাবে ঢাকা।
জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রিফিংয়ে সদ্য দায়িত্ব প্রাপ্ত নতুন পররাষ্ট্র সচিব জানান, সম্মেলনে ছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীসহ একাধিক দেশের উচ্চ পর্যায়ে নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সৌজন্য সাক্ষাৎ হতে পারে তুরস্কে শীর্ষ নেতার সাথেও। আলোচনা হতে পারে সামরিকসহ সার্বিক দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে।
দুই সপ্তাহের এ সম্মেলনে প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।
The post জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗