Bangladesh · 2026-11-09 11:33:34

চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগ নিয়ে তদন্তের মুখে এনভিডিয়া সিইও জেনসেন হুয়াং

চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগ নিয়ে তদন্তের মুখে এনভিডিয়া সিইও জেনসেন হুয়াং
চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে অভিযুক্ত এক নারীর সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতার কথা স্বীকার করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং।

এ ঘটনার পর তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। রোববার (৮ নভেম্বর) পরিচালনা পর্ষদ তদন্ত শুরুর বিষয়টি নিশ্চিত করে। এর আগে হুয়াং পর্ষদকে জানান, এক নারী ব্যবসায়িক নির্বাহীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস। প্রতিবেদন অনুযায়ী, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহ, ওই নারী চীনের রাজধানী বেইজিংয়ের হয়ে গোপনে তথ্য সংগ্রহ করছিলেন।

এদিকে, এনভিডিয়ার কর্মীদের উদ্দেশে লেখা একটি চিঠিতে নিজের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন হুয়াং। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) হাতে আসা ওই চিঠিতে তিনি জানান, স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি। এ ঘটনার জন্য পরিবার ও সহকর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন। নিজের কাজের দায় সম্পূর্ণভাবে স্বীকার করে চিঠিতে তিনি লেখেন, ‘আমি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি।

’ চিঠিতে আরও উল্লেখ করেন, ‘এনভিডিয়ার নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। আপনাদের সেবা করা এবং আপনাদের আস্থার উপযুক্ত হয়ে ওঠা আমার দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালনে আমি ব্যর্থ হয়েছি। ’ অন্যদিকে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, এখন পর্যন্ত এ ঘটনার কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কিংবা কোম্পানির গোপনীয় তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন কোনো প্রমাণ বা আশঙ্কা তাদের কাছে নেই।

তারপরও বিষয়টির সঙ্গে সম্পর্কিত সব তথ্য ও পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। পর্ষদের এক বিবৃতিতে বলা হয়েছে, তদন্তের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছেন জেনসেন হুয়াং। একই সঙ্গে তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর গত সপ্তাহে এনভিডিয়াসহ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের একাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন ঘটে।

এক দিনেই এনভিডিয়ার বাজারমূল্য কমে যায় ৪৫০ বিলিয়ন ডলার। তবে শুক্রবার (৬ নভেম্বর) প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৪ শতাংশ বৃদ্ধি পাওয়ায় লোকসানের একটি অংশ পুষিয়ে নেওয়া সম্ভব হয়। এদিকে আগামী নভেম্বরে চীনে অনুষ্ঠেয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে জেনসেন হুয়াং তার সঙ্গে সফর করবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে তিনি হুয়াংকে একজন ‘ভালো মানুষ’ হিসেবে উল্লেখ করে তার প্রশংসা করেন।

The post চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগ নিয়ে তদন্তের মুখে এনভিডিয়া সিইও জেনসেন হুয়াং appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗