Bangladesh · 2026-11-09 11:39:45

দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে মোহাম্মদ নাঈম, প্রথমবার মাহফিজুল

দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে মোহাম্মদ নাঈম, প্রথমবার মাহফিজুল
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো ডাক পেয়েছেন মাহফিজুল ইসলাম, আর চার বছর পর টেস্ট দলে ফিরেছেন মোহাম্মদ নাঈম। দুজনই ওপেনার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে বাংলাদেশ দলে বিকল্প ওপেনার ছিল না। দুই টেস্টেই খেলেছেন তানজিদ হাসান ও সাদমান ইসলাম। এর মধ্যে দ্বিতীয় টেস্টে ফিল্ডিংয়ের সময় গোড়ালি মচকে যাওয়ায় লম্বা সময়ের জন্য খেলার বাইরে চলে গেছেন সাদমান। সামনের দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য তাই দুজন ওপেনার খুঁজতে হয়েছে নির্বাচকদের।
জাতীয় দলের যেকোনো সংস্করণেই মাহফিজুলের প্রথম ডাক এটি। আর নাঈম টেস্ট দলে ফিরেছেন চার বছর পর। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র টেস্ট খেলেছিলেন তিনি।
নাঈম, মাহফিজুল দুজনই এবারের জাতীয় ক্রিকেট লিগে রান করেছেন।১০ ইনিংসে ৩ সেঞ্চুরি করা মাহফিজুল ৭৪.৬৭ গড়ে ৬৭২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক। ৭ ইনিংসে ৩ সেঞ্চুরিতে ৬১২ রান করে তালিকার দুইয়ে নাঈম।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে থাকা অমিত হাসান দক্ষিণ আফ্রিকা সিরিজে নেই। প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, লিটন দাস ও জাকের আলী দলে থাকায় উইকেটকিপার ব্যাটসম্যানের আর প্রয়োজন নেই। টপ অর্ডারে ভালো বিকল্প রাখার ভাবনায় অমিতের সুযোগ হয়নি।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম।দক্ষিণ আফ্রিকায় ৫ জন পেসার নিয়ে যাচ্ছে বাংলাদেশ। স্পিনে মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন শুধু তাইজুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টেরই একাদশে থাকা অফ স্পিনার নাঈম হাসান নেই দক্ষিণ আফ্রিকায়।
আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট। সেঞ্চুরিয়নে পরের ম্যাচ শুরু ২৩ নভেম্বর।
পঞ্চাশ পেরিয়েছে বাংলাদেশ

Source - www.prothomalo.com ↗