Bangladesh · 2026-11-09 12:30:18

কপ-৩১ সম্মেলনে যোগ দিচ্ছেন এনসিপির মনিরা শারমিন

কপ-৩১ সম্মেলনে যোগ দিচ্ছেন এনসিপির মনিরা শারমিন
বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আগামী ১০ নভেম্বর তুরস্কের উদ্দেশে রওনা হবেন তিনি। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় আইক্যাপ সম্মেলনে অবস্থান করছেন এনসিপির এই নেত্রী।

মনিরা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা করেছেন। পেশাগত জীবনে দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কাজ করেছেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

এ ছাড়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহযোগী গবেষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন মনিরা। বর্তমানে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ে স্বাধীন পরামর্শক হিসেবে বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে কাজ করছেন।

কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে মনিরা শারমিন বলেন, ‘কপ-৩১-এ বাংলাদেশের বিরোধী রাজনৈতিক শক্তির প্রতিনিধি হিসেবে আমার অন্যতম দায়িত্ব হবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের কার্যক্রমের ওয়াচডগ হিসেবে ভূমিকা রাখা।’

তিনি আরও বলেন, ‘জলবায়ু অর্থায়ন, অভিযোজন প্রকল্প, আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে, তা পর্যবেক্ষণ করব। পাশাপাশি প্রয়োজনীয় জবাবদিহি নিশ্চিত করার দাবি তুলব।’

মনিরা শারমিন বলেন, ‘আমরা শুধু সরকারের সমালোচনা করতে চাই না। বরং গঠনমূলক পর্যালোচনা, বিকল্প নীতিপ্রস্তাব এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের জলবায়ু নীতিকে আরও স্বচ্ছ, কার্যকর ও জনবান্ধব করতে চাই।’

Source - www.bd24live.com ↗