বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন দিক তুলে ধরেন পররাষ্ট্র সচিব। তিনি জানান, তুরস্কের প্রেসিডেন্টের পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিশ্চিত হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
এরদোয়ানের সঙ্গে সম্ভাব্য আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। তবে সামরিক ও অর্থনৈতিক খাতে নির্দিষ্ট বিনিয়োগ কিংবা ড্রোন কারখানা স্থাপনের মতো বিষয়গুলো সামরিক সহযোগিতার আওতাভুক্ত। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হতে পারে। তুরস্কের কোনো কোম্পানির সঙ্গে এভিয়েশন ও গ্রাউন্ড হ্যান্ডলিং খাতে সহযোগিতার বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন নোমান বলেন, এটি কোনো দ্বিপক্ষীয় সফর নয়; বরং একটি সৌজন্য সাক্ষাৎ।
কপ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সেখানে সাধারণ ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য উন্নত রাষ্ট্রগুলোর ক্ষতিপূরণ এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে পররাষ্ট্র সচিব বলেন, উন্নত দেশগুলো অতীতেও বাংলাদেশকে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল।
সেই সহযোগিতা নিশ্চিত করতে যৌথ প্রচেষ্টার পাশাপাশি ক্ষতিপূরণের বিষয়েও বাংলাদেশ জোরালোভাবে নিজের দাবি তুলে ধরেছে। উল্লেখ্য, বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী ১০ থেকে ১২ নভেম্বর সরকারি সফরে তুরস্কে অবস্থান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
The post কপ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗