Bangladesh · 2026-11-09 14:21:26

মানুষের খামচি বা আঁচড়ে কি ভ্যাকসিন নিতে হয়?

মানুষের খামচি বা আঁচড়ে কি ভ্যাকসিন নিতে হয়?
খেলতে খেলতে শিশুর নখের আঁচড় লাগল। কিংবা রাগের মাথায় বয়স্ক কেউ হাত দিয়ে খামচে দিলেন। ত্বকে সরু কয়েকটি দাগ, কোথাও কোথাও সামান্য রক্তও বেরিয়েছে। এমন পরিস্থিতিতে অনেকেরই প্রথম প্রশ্ন, টিটেনাসের টিকা নিতে হবে কি না। কেউ আবার জলাতঙ্ক বা অন্য কোনো সংক্রমণের আশঙ্কাও করেন। মানুষের নখের আঁচড় থেকে কি সত্যিই এসব রোগ হতে পারে? আঁচড় লাগলেই কি টিকা নিতে হবে?
মানুষের নখের আঁচড় লাগলেই ভ্যাকসিন নিতে হয় না, তবে বেশ কিছু শর্ত আছেসংক্ষিপ্ত উত্তর হলো, মানুষের নখের আঁচড় লাগলেই ভ্যাকসিন নিতে হয় না। তবে আঁচড়ে চামড়া কেটেছে কি না, ক্ষত কতটা গভীর, সেখানে ময়লা বা অন্য কোনো দূষিত পদার্থ ঢুকেছে কি না এবং আক্রান্ত ব্যক্তির আগে টিকা নেওয়ার ইতিহাস কেমন, এসব বিষয় বিবেচনা করতে হয়। কারণ, সব ক্ষতের ঝুঁকি এক রকম নয়।
নখের আঁচড়ে সংক্রমণ হতে পারে?

আমাদের ত্বক শরীরের জন্য একধরনের প্রাকৃতিক সুরক্ষাকবচ। ত্বক অক্ষত থাকলে অধিকাংশ জীবাণু সহজে শরীরের ভেতরে প্রবেশ করতে পারে না। কিন্তু নখের আঁচড়ে ত্বক কেটে গেলে সেই সুরক্ষায় সামান্য হলেও ফাঁক তৈরি হয়। তখন ক্ষতস্থানে জীবাণু প্রবেশ করে সংক্রমণ ঘটাতে পারে।
মানুষের হাত ও নখে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে। নখের নিচে জমে থাকা ময়লা, হাতের ত্বক কিংবা আশপাশের পরিবেশ থেকেও জীবাণু ক্ষতে প্রবেশ করতে পারে। তবে নখে জীবাণু থাকলেই যে আঁচড়ের মাধ্যমে সংক্রমণ হবে, এমন নয়। ক্ষতের গভীরতা, পরিচ্ছন্নতা এবং শরীরের রোগ প্রতিরোধক্ষমতার ওপর ঝুঁকি নির্ভর করে।
আঁচড়ের জায়গা লাল হয়ে যাওয়া, ফুলে ওঠা, ব্যথা বাড়তে থাকা, গরম অনুভূত হওয়া কিংবা পুঁজ বের হওয়া সংক্রমণের লক্ষণ হতে পারে। কখনো জ্বরও আসতে পারে। এমন লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
বয়সের সঙ্গে সঙ্গে শরীরে তিল বাড়ে কেন? এটা কি খারাপ লক্ষণটিটেনাসের টিকা কখন প্রয়োজন?

মানুষের নখের আঁচড়ের পর সবচেয়ে বেশি যে টিকাটির কথা মনে আসে, সেটি টিটেনাসের। টিটেনাস একটি গুরুতর ব্যাকটেরিয়াজনিত রোগ। এর জন্য দায়ী ক্লসট্রিডিয়াম টেটানি নামের ব্যাকটেরিয়া। সাধারণত মাটি, ধুলা ও পশুর মলে এই ব্যাকটেরিয়ার স্পোর থাকতে পারে। ক্ষতের মধ্য দিয়ে স্পোর শরীরে প্রবেশ করলে উপযুক্ত পরিবেশে সেগুলো থেকে তৈরি হতে পারে বিষ। এই বিষ স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে পেশি শক্ত হয়ে যাওয়া ও পেশির খিঁচুনি সৃষ্টি করে।
তবে মনে রাখতে হবে, মানুষের নখের আঁচড় মানেই টিটেনাসের সংক্রমণ নয়। ক্ষতটি কতটা গভীর, সেখানে মাটি বা ময়লা ঢুকেছে কি না এবং ব্যক্তির টিটেনাসের টিকা নেওয়ার ইতিহাস কী, এসবের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার (সিডিসি) নির্দেশিকা অনুযায়ী, টিটেনাসের ঝুঁকি বিবেচনায় ক্ষতকে মূলত দুই ভাগে ভাগ করা হয়—পরিষ্কার ও সামান্য ক্ষত এবং দূষিত বা গভীর ক্ষত।
পরিষ্কার, অগভীর ক্ষত থেকে টিটেনাসের ঝুঁকি তুলনামূলক কম। অন্যদিকে গভীর ছিদ্রযুক্ত ক্ষত, মাটি বা মল দ্বারা দূষিত ক্ষত, মৃত টিস্যুযুক্ত ক্ষত এবং মানুষের বা প্রাণীর কামড়ের ক্ষত বেশি ঝুঁকিপূর্ণ।
যাঁরা টিটেনাসের প্রাথমিক টিকার পূর্ণ ডোজ নিয়েছেন, তাঁদের শেষ ডোজ পাঁচ বছরের কম আগে হলে সাধারণত নতুন করে টিকা প্রয়োজন হয় না। পরিষ্কার ও সামান্য ক্ষতের ক্ষেত্রে শেষ ডোজের পর ১০ বছর পার হলে বুস্টার নেওয়ার পরামর্শ দেওয়া হয়। দূষিত বা গভীর ক্ষতের ক্ষেত্রে এই সময়সীমা পাঁচ বছর।
অন্যদিকে টিকার ইতিহাস জানা না থাকলে, কখনো টিকা না নিয়ে থাকলে কিংবা প্রাথমিক টিকার ডোজ অসম্পূর্ণ হলে চিকিৎসকের পরামর্শে টিকা নিতে হয়। কিছু দূষিত বা গুরুতর ক্ষতের ক্ষেত্রে টিটেনাস ইমিউনোগ্লোবুলিনও (টিআইজি) প্রয়োজন হতে পারে। এটি টিকার মতো দীর্ঘমেয়াদি সুরক্ষা তৈরি করে না; বরং তাৎক্ষণিকভাবে টিটেনাসের বিষ নিষ্ক্রিয় করতে সাহায্য করে।
অর্থাৎ আঁচড় লেগেছে বলেই সবার টিটেনাসের টিকা নেওয়ার প্রয়োজন নেই। আবার ক্ষত ছোট দেখালেও টিকার ইতিহাস অজানা থাকলে বিষয়টি অবহেলা করা ঠিক হবে না।
মানুষের নখের সাধারণ আঁচড় লাগলে জলাতঙ্কের টিকা নেওয়ার প্রয়োজন হয় না। তবে আঁচড়ের সঙ্গে যদি জলাতঙ্কে আক্রান্ত ব্যক্তির লালা সরাসরি ক্ষতস্থানে লাগে, সেটি আলাদা পরিস্থিতিমানুষের আঁচড়ে কি জলাতঙ্কের টিকা লাগে?

কুকুর, বিড়াল বা অন্য কোনো জলাতঙ্কে আক্রান্ত প্রাণীর কামড় কিংবা আঁচড় থেকে র‍্যাবিস বা জলাতঙ্ক ছড়াতে পারে। কারণ, আক্রান্ত প্রাণীর লালায় র‍্যাবিস ভাইরাস থাকতে পারে। সেই লালা ক্ষতস্থানে প্রবেশ করলে সংক্রমণ ঘটতে পারে।
কিন্তু মানুষের ক্ষেত্রে বিষয়টি আলাদা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইও) এবং সিডিসির তথ্য অনুযায়ী, মানুষের কামড় বা লালার মাধ্যমে মানুষ থেকে মানুষে জলাতঙ্ক সংক্রমণ তাত্ত্বিকভাবে সম্ভব হলেও অঙ্গ বা টিস্যু প্রতিস্থাপনের ঘটনা ছাড়া এমন সংক্রমণের কোনো নিশ্চিত প্রমাণ নেই।
তাই একজন মানুষের নখের সাধারণ আঁচড় লাগলে জলাতঙ্কের টিকা নেওয়ার প্রয়োজন হয় না। তবে আঁচড়ের সঙ্গে যদি জলাতঙ্কে আক্রান্ত ব্যক্তির লালা সরাসরি ক্ষতস্থানে লাগে, সেটি আলাদা পরিস্থিতি। এমন ঘটনা ঘটলে দ্রুত চিকিৎসকের মাধ্যমে ঝুঁকি মূল্যায়ন করাতে হবে।
এইচআইভি বা হেপাটাইটিসের আশঙ্কা আছে?

মানুষের আঁচড় নিয়ে আরেকটি উদ্বেগ হলো, এর মাধ্যমে এইচআইভি বা হেপাটাইটিস বি ছড়াতে পারে কি না। এ ক্ষেত্রেও মূল বিষয়টি হলো রক্তের সংস্পর্শ।
সাধারণ নখের আঁচড়, যাতে আঁচড়দাতার রক্তের সংস্পর্শ নেই, তা থেকে এইচআইভি সংক্রমণের আশঙ্কা নেই বললেই চলে। এইচআইভি ঘাম, চোখের পানি বা স্বাভাবিক লালার মাধ্যমে ছড়ায় না। তবে আঁচড়দাতার সংক্রমিত রক্ত যদি অন্য ব্যক্তির কাটা বা ক্ষতস্থানে প্রবেশ করে, তখন বিষয়টি আলাদাভাবে বিবেচনা করতে হয়।
হেপাটাইটিস বি ভাইরাসও সংক্রমিত রক্তের মাধ্যমে ছড়াতে পারে। তাই এমন রক্তের সংস্পর্শ ঘটলে আক্রান্ত ব্যক্তির টিকা নেওয়ার ইতিহাস এবং যিনি আঁচড় দিয়েছেন তাঁর সংক্রমণের অবস্থা বিবেচনা করে চিকিৎসক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।
এইচআইভির সম্ভাব্য ঝুঁকিপূর্ণ রক্তের সংস্পর্শ ঘটলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। প্রয়োজন হলে পোস্ট-এক্সপোজার প্রফিল্যাক্সিস (পিইপি) নামের ওষুধের মাধ্যমে সংক্রমণ প্রতিরোধের চেষ্টা করা যায়। এটি ভ্যাকসিন নয়। সম্ভাব্য সংস্পর্শের ৭২ ঘণ্টার মধ্যে, যত দ্রুত সম্ভব, এই চিকিৎসা শুরু করতে হয়।
আলো দেখলেই ঘরে ঢুকছে শ্যামা পোকা, কীভাবে ঠেকাব, কামড়ালেই–বা কী করবআঁচড় লাগলে প্রথমে কী করবেন?

মানুষের নখের আঁচড় লাগলে আতঙ্কিত না হয়ে প্রথমেই ক্ষত পরিষ্কার করতে হবে।

ক্ষতস্থান প্রবাহমান পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন।

সাবান দিয়ে আশপাশের ত্বক পরিষ্কার করুন।

ক্ষতে ময়লা থাকলে তা সরিয়ে ফেলুন।

রক্তপাত হলে পরিষ্কার গজ বা কাপড় দিয়ে হালকা চাপ দিন।

এরপর প্রয়োজন অনুযায়ী পরিষ্কার ব্যান্ডেজ দিয়ে ক্ষত ঢেকে রাখতে পারেন।

ক্ষত গভীর হলে, রক্তপাত বন্ধ না হলে, হাতের আঙুল বা জোড়ার কাছে আঁচড় লাগলে কিংবা সংক্রমণের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। বিশেষ করে ডায়াবেটিস, রোগ প্রতিরোধক্ষমতা কম থাকা বা অন্য কোনো দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা থাকলে ক্ষতকে অবহেলা করা উচিত নয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ক্ষত দেখে নিজে নিজে টিকার সিদ্ধান্ত না নেওয়া। শেষ কবে টিটেনাসের টিকা নিয়েছেন, তা মনে না থাকলেও চিকিৎসককে জানান।
মড়া কেটে গেলে ক্ষত পরিষ্কার করার পাশাপাশি টিটেনাসের টিকা নেওয়ার ইতিহাস যাচাই করতে হবেতাহলে কি ভ্যাকসিন নিতেই হবে?

মানুষের নখের আঁচড়ের পর সবার জন্য আলাদা কোনো ভ্যাকসিনের নিয়ম নেই। ক্ষত যদি শুধু ত্বকের ওপর লাল দাগ তৈরি করে, চামড়া না কাটে, তাহলে সাধারণত টিকার প্রয়োজন হয় না। চামড়া কেটে গেলে ক্ষত পরিষ্কার করার পাশাপাশি টিটেনাসের টিকা নেওয়ার ইতিহাস যাচাই করতে হবে। আর রক্তের সংস্পর্শ বা অস্বাভাবিক কোনো পরিস্থিতি থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
অর্থাৎ মানুষের খামচি বা আঁচড় লাগলে প্রথম কাজ আতঙ্কিত হওয়া নয়, ক্ষতটি ভালোভাবে পরিষ্কার করা। এরপর প্রয়োজন অনুযায়ী টিকা বা চিকিৎসা নেওয়া।
সূত্র: যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্স (নাইস), যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস)
নখ কাটার সময় এই ভুল করছেন না তো? জানলে আজ থেকেই বদলাবেন অভ্যাস

Source - www.prothomalo.com ↗