‘তোমার ঘরে কখনো তিন শ প্রজাপতি ঢুকে পড়লে কী করবে তুমি?’ কিংবা ‘একটা নদীর তীর ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ সমুদ্র পেয়ে গেলে?’ ঠিক বোঝা যায় না এমন সহজ প্রশ্ন আজকের শিশুদের করা যায় কি না। কল্পনার দরজা অনেকটাই বন্ধ। আবার আরেক দিকে প্রযুক্তির উপস্থিতিতে তাদের অনেক কল্পনা অর্থকরী হয়ে গেছে। শিশুদের কি আর এমনি এমনি ‘কেবল কল্পনা করা’ বা ‘কিছুই না করা’র দিন আছে?
শিশুর শৈশব আর কিশোরের কৈশোর এখন দিনরাত মুঠোফোনের পর্দায় বন্দী। এই তো কয়েক বছর আগে কোভিডের সময়ে ফোনটাই তাদের স্কুলে পরিণত হলো। তারপর কোভিড তো গেল, কিন্তু ফেলে গেল ফোনের পর্দার ওপরে বিরামহীন নির্ভরতা। অনেক ক্ষেত্রে হারিয়ে গেল দিন–রাতের হিসাব। এর পর থেকে বহু শিশু–কিশোরের সারা রাত কাটে হাতের ফোনে, আর তারপর বেলা অবধি ঘুমে। দিনের যে সময়ে তাদের ঘুরে ঘুরে মানুষের বিচিত্রতা দেখার কথা, তখন সে থাকে সারা পৃথিবীর তথ্যভান্ডারের চাপে ভারাক্রান্ত। তা ছাড়া এই বিপৎসংকুল পৃথিবীতে সে একা একা ঘুরেফিরে মানুষ দেখবেই–বা কী করে! বাড়ি থেকে একা বেরোনোর অনুমতি বা সুযোগ নেই, উচিতও নয়। অনিশ্চিত ভবিষ্যতের কথা জেনে অভিভাবক বা পরিবার জানালায় গ্রিল আর দরজায় খিল লাগিয়ে নিজেদের জন্য যে খাঁচা রচনা করেছেন, তার ভেতরে একটা আস্ত শৈশব-কৈশোর নিয়ে সে আটকা পড়ে। ঘরের ভেতরে তাই ফিরে ফিরে তার জন্য একমাত্র বিনোদন হাতের নাগালে থাকা ফোনটি।
মুঠোফোনের পর্দা: কী হারাচ্ছে, কী পাওয়া যাচ্ছে

এমনও হতে পারত যে ফোনের বদলে গুরুত্বপূর্ণ বই, যুগান্তকারী চলচ্চিত্র তার সময় কাটানোর বা বিনোদনের খোরাক হয়ে উঠেছে। কিন্তু সে কি তার মা–বাবার হাতে বই দেখে? তেমন কোনো সাংস্কৃতিক চর্চা দেখে বাড়িতে? অভিভাবকেরা হয় ব্যস্ত জাগতিক কাজকর্মে অথবা সেই মুঠোফোনেই! প্রযুক্তির নেশা মা–বাবার প্রজন্মেও কিছু কম লাগেনি। নিজেদের আনন্দের জন্য তো বটেই, মূলত ঘরের চার দেয়ালে আটকানো শিশু-কিশোরকে আনন্দ দেওয়ার জন্যও মা–বাবা সেই ফোনের ওপরই নির্ভরশীল। প্রযুক্তির উত্কর্ষে আর তার ব্যবহারের রকমফেরে অতি অল্প সময়ে মানুষের আনন্দের অনুবাদ ভিন্ন হয়ে গেছে। ফলে সারা পৃথিবীর মানুষের মনস্তত্ত্ব গেছে বদলে।
মানুষ যেন কেবল তথ্য সংগ্রহের জন্য জন্ম নিয়েছে, আর যেকোনো মূল্যে নিজের রুচি অনুযায়ী বিনোদন খুঁজে নিয়ে ‘এই তো বেশ আছি’ অনুভূতি পাওয়াই মূল কাজ।টেলিভিশন অনেক দূরত্ব থেকে দেখলে দেখা যাবে ঝাপসা পর্দায় ক্ষণে ক্ষণে রং বদলায়। বোঝা যায়, দর্শককে টেনে রাখতে প্রতিটি অনুষঙ্গ দ্রুত পরিবর্তনশীলতার আবহে তৈরি। দর্শক যেন অন্য কিছু ভাবার ফুরসত না পায়, যেন ওই পর্দাতেই কেবল বুঁদ হয়ে থাকে। একসময় দর্শক-শ্রোতা সেভাবেই আটকে থাকত, তবে সেখানে থাকত শিল্পচর্চার নানা উপাদান। দিনের নির্দিষ্ট সময় তার জন্য বরাদ্দ ছিল। বাকি সময় মানুষকে অন্য মানুষের সঙ্গে আলাপ আর ভাবের আদান-প্রদান করে কাটাতে হতো। ধীরে ধীরে টেলিভিশন পর্দার সময়কাল বাড়ল, বাড়তে বাড়তে একদিন পর্দাটাই চলে এল নিজেদের হাতে হাতে, যেখানে কিনা শিল্পের মান নিয়ে কারও মাথাব্যথা নেই। এমনকি আদৌ কোনো শিল্প আছে কি না, সে নিয়েও চিন্তা নেই। মানুষ যেন কেবল তথ্য সংগ্রহের জন্য জন্ম নিয়েছে, আর যেকোনো মূল্যে নিজের রুচি অনুযায়ী বিনোদন খুঁজে নিয়ে ‘এই তো বেশ আছি’ অনুভূতি পাওয়াই মূল কাজ।
মানুষের শিল্পচর্চার, তথ্য সংগ্রহের আর বিনোদন লাভের এই যে পরিক্রমণ—এতে সবচেয়ে প্রভাবিত হয়েছে অল্প বয়সীরা। বোধবুদ্ধি অর্জনের সময়টিতে যারা প্রযুক্তির ফ্যাশনের প্রবাহে একীভূত হয়ে গেছে, তাদের জীবন সামান্য আগের প্রজন্মের চেয়ে ভিন্ন। একদিকে বলা যায় পৃথিবীর যেখানে যা ঘটছে, তা তাদের চোখের সামনেই ঘটছে। যেকোনো কিছুর ব্যাখ্যা-বিশ্লেষণ তাদের আঙুলের চাপের অপেক্ষায় শুধু। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়ে তারা পৃথিবীতে বহু পরিবর্তন এনে ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যম না থাকলে আরব বসন্ত সংঘটিত হতো না। হয়তো হতো না বাংলাদেশসহ নানা দেশের আগে-পরের আন্দোলন ও গণ–অভ্যুত্থানগুলো। শিশু-কিশোরদের এখন সারা পৃথিবীর দিকে চোখ–কান খোলা।
পুঁজিবাদী চিন্তাচেতনা সম্পূর্ণভাবে সামাজিক যোগাযোগমাধ্যমকে গ্রাস করে ফেলেছে বলতে গেলে ওই কোভিডের সময় থেকেই। এখানে বড় কোম্পানি মুনাফা করে, শিশু-কিশোর থেকে শুরু করে যে কেউ নিজস্ব কনটেন্ট নিয়ে ভিউ ব্যবসা করে।তথ্যের অবাধ প্রবাহে তাদের ঠকানো সত্যিই কঠিন। কিন্তু জ্ঞানী হলে কী হবে, যদি জীবনবোধ তৈরি না হয়। জীবনবোধ হতে হলে মানুষের জীবন দেখতে হবে। দেখা না গেলেও পড়তে হবে। আজকের শিশুরা বেশির ভাগ সময় থাকে যন্ত্রের সঙ্গে। যন্ত্র তাদের যা দেখায়, তারা তা–ই দেখে। প্রযুক্তিগত অ্যালগরিদমে তার মনোযোগ পাওয়া বিষয়বস্তুর বাইরে অন্য কিছুই তার সামনে আসে না। নিজের সুনির্দিষ্ট ছকের মধ্যে সে আটকে পড়ে। একসময় সেটাকেই সে পৃথিবী ভাবতে শুরু করে। এভাবে বাকি পৃথিবী থেকে সে হয়ে পড়ে বিচ্ছিন্ন।
মানসিক তো বটেই, মাত্রাতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের কারণে শিশু–কিশোরদের মধ্যে প্রচুর শারীরিক সমস্যাও দেখা দেয়সত্যিকার অর্থে সামাজিক যোগাযোগমাধ্যম কি ততটা সামাজিক? একসময় এখানে মানুষে মানুষে গুরুত্বপূর্ণ যোগাযোগ, ভাবের আদান–প্রদান হতো। এখন তা চলে গেছে ব্যক্তিকেন্দ্রিক থেকে করপোরেট ব্যবসার হাতে। পুঁজিবাদী চিন্তাচেতনা সম্পূর্ণভাবে সামাজিক যোগাযোগমাধ্যমকে গ্রাস করে ফেলেছে বলতে গেলে ওই কোভিডের সময় থেকেই। এখানে বড় কোম্পানি মুনাফা করে, শিশু-কিশোর থেকে শুরু করে যে কেউ নিজস্ব কনটেন্ট নিয়ে ভিউ ব্যবসা করে। সুতরাং সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো এখন মূলত গ্রাহকের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগের স্থান। প্রযুক্তির মাধ্যমে বয়ে আসা ব্যবসায়িক উদ্যোগগুলো মূলত গ্রাস করছে শিশু–কিশোরদের। এটা খুব স্বাভাবিক যে অপরিণত বয়সে বাছবিচার করার ক্ষমতা তাদের নেই। ব্যবসাকেন্দ্রিক এসব সাইটে তারা নানাভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, বিভিন্ন চক্রের ফাঁদে পড়ে তাদের সঙ্গে সাইবার বুলিং তো বটেই, মৃত্যু পর্যন্ত ঘটছে।
যে বয়সে একটি শিশুর পরিবারের বড়দের চালচলন, কথাবার্তা অনুসরণ করার কথা, পারিবারিক খাদ্যের স্বাদ মুখে বুঝে নেওয়ার কথা, সে সময়ে শিশুটি স্ক্রিনের দিকে আত্মভোলা হয়ে তাকিয়ে থাকছে।একদিন যে বয়সে শিশু–কিশোরদের মাঠের খেলাধুলা থেকে সন্ধ্যা হলে বাড়িতে নিয়ে আসতে বেগ পেতে হতো, প্রকৃতিতে টইটই করে ঘুরে বেড়ানোর রাশ টেনে ধরতে হতো, এখন সেই বয়সে তাকে ফোনের সামনে স্থির বসে থাকা থেকে সরানো যায় না। উপস্থিত আছে সে ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ফেসবুক, রেডিট ইত্যাদি সামাজিক যোগাযোগমাধ্যমে; কিন্তু মানুষের সঙ্গে মুখোমুখি যোগাযোগের অভাবে হয়ে পড়ছে অসামাজিক। তাই তার সামাজিক অনুভূতি, মেলামেশার দক্ষতা থাকছে না, সামাজিক কৃষ্টি-সংস্কৃতি সবকিছু থেকে সরে যাচ্ছে অনেক দূরে। তার সামাজিক শিষ্টাচারের অভ্যাস গড়ে উঠছে না, মানুষের বাস্তব সংস্পর্শে আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতাও তৈরি হচ্ছে না। বলা যায়, অসামাজিক শিশুটি ফ্রয়েডের সূত্রে ‘বেসিক ইন্সটিংক্ট’ পর্যায়েই থেকে যাচ্ছে, সমাজে চলার পক্ষে যা তার জন্য গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে।
মানসিক তো বটেই, মাত্রাতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের কারণে শিশু–কিশোরদের মধ্যে প্রচুর শারীরিক সমস্যাও দেখা দেয়। দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে খুবই অল্প বয়সে অনেকে চোখের বা মাইগ্রেনের সমস্যায় ভুগছে। এ ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে শিশু–কিশোরদের স্থূলতা প্রকট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার একটি গবেষণা অনুযায়ী, স্থূলতা গত ১৫ বছরে শিশু–কিশোরদের মধ্যে ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে ভবিষ্যৎ প্রজন্মের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে।
এসব ছাড়াও সার্বক্ষণিক স্ক্রিনের প্রভাবে শিশুদের নিদ্রাহীনতা, রুচির সমস্যা ইত্যাদি সমস্যা ব্যাপক হয়ে উঠেছে। যে বয়সে একটি শিশুর পরিবারের বড়দের চালচলন, কথাবার্তা অনুসরণ করার কথা, পারিবারিক খাদ্যের স্বাদ মুখে বুঝে নেওয়ার কথা, সে সময়ে শিশুটি স্ক্রিনের দিকে আত্মভোলা হয়ে তাকিয়ে থাকছে। যার ফলে সে পারিবারিক সম্পর্কের ভেতরে বসবাস করা কিংবা তার মুখে কী খাবার দেওয়া হচ্ছে, সে সম্পর্কে কোনো কৌতূহল ইত্যাদি বিষয় আত্মস্থ করতে পারছে না। এভাবে পারিবারিক সম্পর্ক তার কাছে বাহুল্য হিসেবে দেখা দেয়। পরিবারের মানুষদের সে তার ‘কেয়ারটেকার’ ছাড়া কিছু ভাবতে পারছে না। দিনভর দ্রুত পরিবর্তনশীল পর্দার দিকে মনোনিবেশ করা তার স্বভাব বদলে দিচ্ছে, সে এডিএইচডিতে (অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাকটিভিটি ডিজঅর্ডার) আক্রান্ত হচ্ছে। তাই সে কোনো কিছুর প্রতি দীর্ঘ মনোযোগ ধরে রাখতে পারছে না।
একদিন যে বয়সে শিশু–কিশোরদের মাঠের খেলাধুলা থেকে সন্ধ্যা হলে বাড়িতে নিয়ে আসতে বেগ পেতে হতো, প্রকৃতিতে টইটই করে ঘুরে বেড়ানোর রাশ টেনে ধরতে হতো, এখন সেই বয়সে তাকে ফোনের সামনে স্থির বসে থাকা থেকে সরানো যায় নাক্ষেত্রবিশেষে ভিন্ন ভাষার বিচিত্র কনটেন্টের প্রভাবে ‘ডিলেইড স্পিচ’–জাতীয় সমস্যায় শিশু তিন-চার বছর বয়সেও ঠিকমতো কথা বলতে পারছে না। সামাজিক বোধবুদ্ধি ও দীর্ঘ মনোযোগের অভাব শুধু তার শিক্ষাজীবন নয়, সামাজিক জীবনেও বিরূপ প্রভাব ফেলার কথা। বাস্তবে দেখা যাচ্ছে স্ক্রিন থেকে সরানো হলেই শিশু-কিশোরদের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, সে ভীষণ একাকী ও অসহায় বোধ করছে; কারণ বাস্তবে স্ক্রিন ছাড়া সে আর কাউকে বন্ধু মনে করে না। এরপর একটু বড় হলে সেই প্রযুক্তির মাধ্যমগুলোতেই সে যদি সাইবার বুলিংয়ের শিকার হয়, তখন সব হারিয়ে সে বিষণ্নতায় ভেঙে পড়ে। এ রকম পরিস্থিতিতে শিশু-কিশোর পড়াশোনায় মনোযোগী থাকতে পারে না, পারিবারিক বন্ধন থেকে নিজেকে মনে মনে ছাড়িয়ে নেয়, আর এরপর একাকিত্বে মানসিক ট্রমা সামলাতে না পেরে অল্প বয়সে আত্মহননের দিকে এগিয়ে যায়।
আত্মঘাতী ‘ব্লু হোয়েল’ গেমের কথা অনেকেরই মনে থাকার কথা। সম্মোহনী ক্ষমতার গেম থেকে একধরনের অডিটোরি হ্যালুসিনেশনের মাধ্যমে কিশোর বয়সীরা আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। এ ছাড়া রাস্তায় হাঁটতে হাঁটতে ‘পোকেমন গো’ খেলতে গিয়ে অনেকে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। অন্যদিকে ‘কল অব ডিউটি’ বা ‘ব্যাটল ফিল্ড’-এর মতো যুদ্ধ বা ধ্বংসাত্মক গেম খেলতে খেলতে হিংসাত্মক বা ধ্বংসপ্রেমী হয়ে যাওয়ার আশঙ্কা থাকলেও বাস্তব জীবনের সিমুলেশন হিসেবে নিরীহ যে গেমগুলো আছে, তার মাধ্যমেও মারাত্মক মনস্তাত্ত্বিক জটিলতা হতে পারে। যেমন মাইনক্র্যাফটের মতো চমত্কার গেমে সে যখন জাগতিক জীবনের মতো কাজ করে অর্থ উপার্জন করে, ফসল উত্পাদন করে, পশুপালন করে, বাড়ি বানায়, পরিবার সামলায়, তখন দিনের পর দিন ভালো গেমার হতে হতে তার যে শক্তি ক্ষয় হয় আর তৃপ্তি আসে, তাতে করে বাস্তবে এই কাজগুলো করার জন্য তার আর কোনো শক্তি বা উত্সাহ অবশিষ্ট থাকে না। তার মনে হয়, সবই তো করা হলো, আবার বাস্তবে করতে হবে কেন! এভাবে সামনে কর্মবিমুখ প্রজন্ম সৃষ্টি বিচিত্র নয়।
শিশু–কিশোরদের জীবন মূলত নিয়ন্ত্রণ করেন বড়রা। বড়রাই সিদ্ধান্ত নেবেন জন্মের পর থেকেই তার সামনে মুঠোফোন ব্যবহার করা হবে কি না। তাকে শান্ত রাখতে চোখের সামনে ইউটিউবে ‘কোকোমেলন’ বা একই রকমের অন্যান্য চ্যানেল ছেড়ে রাখা হবে কি না বা কতক্ষণের জন্য রাখা হবে। বড়দের নিজের জগৎটি ঝঞ্ঝাটবিহীন রাখার জন্য শিশুকে মুঠোফোনে আসক্ত করা হবে কি না, শিশু-কিশোরকে তারা তথ্যের ভান্ডার বা ভিউ-ব্যবসায়ী হিসেবে দেখতে চাইবেন, নাকি মানবিক মানুষ হিসেবে পেতে চাইবেন—এ সিদ্ধান্ত নিতে হবে অভিভাবকদেরই।
* আফসানা বেগম: লেখক। পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র
Source - www.prothomalo.com ↗