Bangladesh · 2026-11-09 13:59:46

ইউটিউবের বড় তারকা কে এই মিস্টারবিস্ট

ইউটিউবের বড় তারকা কে এই মিস্টারবিস্ট
অনলাইনে তিনি ‘মিস্টারবিস্ট’। তবে আসল নাম জিমি ডোনাল্ডসন। মাত্র ১৪ বছর বয়সে বেডরুম থেকে শুরু করা তাঁর ইউটিউব চ্যানেলটি আজ বিশ্বের সবচেয়ে বড় ব্যক্তিগত চ্যানেলে রূপ নিয়েছে। ব্যতিক্রমী সব আয়োজন, দুঃসাহসিক চ্যালেঞ্জ, লাখ লাখ ডলারের পুরস্কার এবং মানবিক কর্মকাণ্ডের ভিডিও তৈরি করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন জিমি ডোনাল্ডসন। গ্রাহকের সংখ্যার হিসাবে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলের মালিক তিনি। কিন্তু এই অসীম সাফল্যের পেছনে রয়েছে এক কঠিন শৈশব, ক্রোনস রোগের সঙ্গে লড়াই এবং ইউটিউবের অ্যালগরিদম বোঝার তীব্র একাগ্রতা।
১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের কানসাসে জন্ম জিমির। মা সুসান প্যারিশার মার্কিন সামরিক বাহিনীতে থাকায় জিমির শৈশবের বড় অংশ কেটেছে বিভিন্ন শহরে। ২০০৭ সালে মা-বাবার বিচ্ছেদের পর বাবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। স্কুলে বেসবল ও বাস্কেটবল খেললেও ১৫ বছর বয়সে পরিপাকতন্ত্রের জটিল ব্যাধি ক্রোনস ডিজিজে আক্রান্ত হয়ে প্রায় ৫০ পাউন্ড ওজন হারান তিনি। ফলে খেলাধুলা বন্ধ হয়ে যায়। ২০১৬ সালে ইস্ট ক্যারোলাইনা ইউনিভার্সিটিতে ভর্তি হলেও মাত্র দুই সপ্তাহ পর পড়াশোনা ছেড়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে মা বাড়ি থেকে বের করে দিলে ইউটিউবেই জীবনের একমাত্র বাজি ধরেন জিমি।
২০১২ সালে ‘মিস্টারবিস্ট৬০০০’ নামে চ্যানেল খুলে গেমের ভিডিও বানাতেন জিমি। তবে পেশাজীবনের মোড় ঘোরে ২০১৭ সালে, যখন টানা ৪০ ঘণ্টা ধরে ১ থেকে ১ লাখ পর্যন্ত গণনা করার একটি ভিডিও প্রকাশ করেন। ২৪ ঘণ্টার সেই ভিডিও দিয়ে গ্রাহকসংখ্যা ১০ লাখ ছাড়িয়ে দেয়। এরপর শুরু হয় চমকের পর চমক—কখনো কফিনে ঢুকে মাটির নিচে ৫০ ঘণ্টা কাটানো, তো কখনো নেটফ্লিক্সের স্কুইড গেমের আদলে ৪৫৬ জনকে নিয়ে ৪ লাখ ৫৬ হাজার ডলার পুরস্কারের বাস্তব প্রতিযোগিতা। শুধু বিনোদনেই সীমাবদ্ধ থাকেননি জিমি। উপার্জিত অর্থের বড় অংশ বিলিয়ে দেন সাধারণ মানুষের মধ্যে; খুলেছেন ‘বিস্ট ফিলানথ্রপি’ চ্যানেল। গড়ে তুলেছেন ফাস্ট ফুড চেইন ‘মিস্টারবিস্ট বার্গার’ ও স্ন্যাকস ব্র্যান্ড ‘ফিস্টেবলস’। যে মা একসময় বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, সেই সুসান প্যারিশারই এখন তাঁর কোম্পানির প্রধান কমপ্লায়েন্স কর্মকর্তা।
২০২৪ সালের জুনে বিশ্বের শীর্ষ ইউটিউবার বনে যাওয়া মিস্টারবিস্টের বর্তমান গ্রাহক প্রায় ৫২ কোটি।
সূত্র: বায়োগ্রাফি ডটকম

Source - www.prothomalo.com ↗