বিভিন্ন দাবিতে রাজধানীজুড়ে অটোরিকশাচালকদের ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল বন্ধ থাকায় শিক্ষার্থী, অফিসগামী যাত্রীসহ নানা শ্রেণি-পেশার মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।
সকাল থেকেই ধোলাইখাল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী, রামপুরা, বনশ্রী, বাড্ডা, মিরপুর ও ধোলাইপাড়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। ধর্মঘটের পক্ষে চালকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে অবস্থান নিতে দেখা যায়। এ সময় তারা নিজেদের দাবির সমর্থনে নানা স্লোগান দেন। সকাল ৯টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী মোড়ে মিছিল নিয়ে জড়ো হন আন্দোলনরত চালকরা।
এদিকে ধর্মঘটের মধ্যেও রাস্তায় চলাচল করা কয়েকটি অটোরিকশা আটকে দেওয়া হয়। কোথাও গাড়ির হেডলাইট ভাঙচুর করা হয়েছে, আবার কোথাও ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ধর্মঘটে অংশ নেওয়া চালকদের অভিযোগ, সরকার প্রণীত নতুন নীতিমালায় লাইসেন্সের জন্য নির্ধারিত ফি অতিরিক্ত বেশি। এ ছাড়া একজন চালকের অধীনে পাঁচটির বেশি অটোরিকশা পরিচালনার সুযোগ না রাখার বিধান নিয়েও আপত্তি রয়েছে তাদের।
রাজধানীতে অটোরিকশাচালকদের ধর্মঘট: চরম ভোগান্তিতে যাত্রীরা

এসব সিদ্ধান্তের প্রতিবাদেই তারা ধর্মঘটের ডাক দিয়েছেন। অটোরিকশা না পেয়ে সকাল থেকেই বিভিন্ন সড়ক ও মোড়ে যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের। অনেকে দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজনীয় পরিবহন না পেয়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হন। এতে নির্ধারিত সময়ে অফিস ও অন্যান্য কাজে পৌঁছাতে সমস্যায় পড়েন অনেকেই। চালকদের এই কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন এলাকায় স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়েছে।
তবে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
The post রাজধানীতে অটোরিকশাচালকদের ধর্মঘট: চরম ভোগান্তিতে যাত্রীরা appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗