Bangladesh · 2026-11-09 15:12:43

রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বিভিন্ন স্থানে মিছিল

রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বিভিন্ন স্থানে মিছিল
রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও মিছিলের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এসব ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের দাবি, এসব ঘটনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামপুরা থানা আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোস্তাক আহমেদ। মিছিল চলাকালে প্রায় ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ বিষয়ে রামপুরা থানার ডিউটি অফিসার রিয়াজ গণমাধ্যমকে বলেন, সকালে আওয়ামী লীগের মিছিল এবং সেখান থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অথবা ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত জানাবেন।

এর আগে খিলগাঁওয়ের আপন কফি শপের সামনে থেকে আরেকটি মিছিল বের হয়। সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ভিডিও পাওয়া গেছে। তবে খিলগাঁও থানার ডিউটি অফিসার মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, এ ধরনের কোনো তথ্য এখনো তার কাছে আসেনি।

এ ছাড়া রাজধানীর আরও কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের (ডিসি) কার্যালয়, মাটিকাটা এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এবং ক্যান্টনমেন্ট থানা এলাকা।

এ ছাড়া তেজগাঁওয়ে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে, সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে, আফতাবনগর এবং বাড্ডা পাসপোর্ট অফিসের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একের পর এক বিস্ফোরণ ও মিছিলের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এসব ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।

Source - www.bd24live.com ↗