লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উলটে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত যাত্রী আব্দুর রহমান জানান, তিনি ও তাঁর স্ত্রী সাজেদা বেগম বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর যাচ্ছিলেন। পথে বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা বারবার নিষেধ করলেও চালক গতি কমাননি। একপর্যায়ে বাসটি উলটে দুর্ঘটনার শিকার হয়।
বেপরোয়া গতির বাস উলটে নিহত ৩, আহত ১৫

আব্দুর রহমান ও তাঁর স্ত্রী সাজেদা বেগমের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও হাতে আঘাত লেগেছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, দুর্ঘটনার পর তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত অন্তত ১৫ জনকেও হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।
Source - www.bd24live.com ↗