Bangladesh · 2026-11-09 15:54:54

বিষ মেশানো স্পিড পানে যুবকের মৃত্যু, নববধূসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

বিষ মেশানো স্পিড পানে যুবকের মৃত্যু, নববধূসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা
দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত পদার্থ মেশানো এনার্জি ড্রিংকস স্পিড পান করে শাহাদৎ হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় তার নববধূ স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর গত ৭ নভেম্বর বিকেল ৪টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

নিহতের বাবার অভিযোগ, পরিকল্পিতভাবে এনার্জি ড্রিংকস স্পিডের সঙ্গে বিষাক্ত পদার্থ মিশিয়ে তাকে পান করানো হয়েছিল। ‎সোমবার (৯ নভেম্বর) দুপুরে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিরামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গত ৪ নভেম্বর থানায় মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব‍্যহত রয়েছে।

‎নিহত শাহাদৎ হোসেন বিরামপুর উপজেলার ৬নং জোতবানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ধনসাডাঙ্গা গ্রামের জাকেরুল ইসলামের ছেলে। ‎মামলার আসামিরা হলেন, নিহতের সদ‍্য বিবাহিত স্ত্রী তামান্না (১৯), শ্বশুর কামাল (৪৫), শাশুড়ি সুলতানা (৪২), শ্যালিকা কামরুন্নাহার আশা (২০) এবং হাবিবপুর বাজারের একটি কীটনাশকের দোকানের কর্মচারী মশফিকুর (২২)।

তাদের সবার বাড়ি উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে। ‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর পারিবারিকভাবে শাহাদৎ ও তামান্নার বিয়ে হয়। ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তামান্নাকে শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়। বিয়ের সময় পুত্রবধূকে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার উপহার দেওয়া হয়েছিল। ‎এজাহারে নিহতের বাবা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তামান্নার আচরণে অসংগতি ও স্বামীর প্রতি অনীহা লক্ষ করেন পরিবারের সদস্যরা।

পরে তারা জানতে পারেন, তামান্নার সঙ্গে মশফিকুর নামে একজনের আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। এমনকি এর আগে তারা বাড়ি থেকে পালিয়েও গিয়েছিলেন। বিষয়টি নিয়ে তামান্নার পরিবারের সঙ্গে আলোচনা করলে তারা আগের ঘটনা ভুলে সংসার চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ সময় শাহাদৎকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ‎এজাহারের বর্ণনা অনুযায়ী, গত ৩ অক্টোবর স্ত্রীকে তার বাবার বাড়িতে রেখে আসেন শাহাদৎ।

১১ অক্টোবর স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে গেলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা পরস্পর যোগসাজশে তাকে হত্যার পরিকল্পনা করেন বলে অভিযোগ করেন বাদী। ‎নিহতের বাবার অভিযোগ, পরিকল্পনা অনুযায়ী বিষাক্ত পদার্থ মেশানো এনার্জি ড্রিংকস স্পিডের একটি বোতল তামান্নার হাতে দেওয়া হয়। ওই দিন বিকেল ৫টার দিকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাবার বাড়ি থেকে ফেরার পথে হরিরামপুর মোড় পার হওয়ার পর তামান্না বোতলটি খুলে শাহাদৎকে স্পিড পান করতে বলেন।

স্ত্রীর কথায় বিশ্বাস করে তিনি তা পান করেন। ‎কিছুক্ষণ পর স্পিডের স্বাদ অস্বাভাবিক ও দুর্গন্ধযুক্ত মনে হলে শাহাদৎ বিষয়টি স্ত্রীকে জানান এবং তাকেও পান করে দেখতে বলেন। তবে তামান্না তা পান না করে বোতলের মুখ বন্ধ করে রাখেন। পরে ধনসা মাঠ এলাকায় পৌঁছালে অবশিষ্ট স্পিড পান করতে বলা হয়। শাহাদৎ অসুস্থ বোধ করায় স্ত্রীকে অবশিষ্ট অংশ পান করতে বললে তিনি কৌশলে বোতলটি ফেলে দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

‎বাড়িতে পৌঁছানোর পর শাহাদৎ বমি ও পাতলা পায়খানা করতে থাকেন। একপর্যায়ে জ্ঞান হারালে পরিবারের সদস্যরা তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরদিন তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে প্যারাকোয়াট (Paraquat) বিষক্রিয়া শনাক্ত হয় বলে এজাহারে দাবি করেছেন বাদী।

‎পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে না পেরে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর আবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ নভেম্বর বিকেল ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। ‎নিহতের বাবা গত ৪ নভেম্বর বিরামপুর থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

ওই সময় শাহাদৎ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার মৃত্যুর আগেই মামলাটি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) সাজিদুল ইসলাম।

The post বিষ মেশানো স্পিড পানে যুবকের মৃত্যু, নববধূসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗