Bangladesh · 2026-11-09 17:04:23

বাংলাদেশের অর্জন শুধু ব্যক্তিগত রেকর্ড আর মাইলফলক

বাংলাদেশের অর্জন শুধু ব্যক্তিগত রেকর্ড আর মাইলফলক
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের কারোরই যে মাঠ ছেড়ে যাওয়ার ইচ্ছা ছিল না, তা তাঁদের কাছে না শুনেও বলে দেওয়া যায়। আলোক স্বল্পতায় খেলা বন্ধ না হলেও যে সিলেট টেস্ট তারা জিতে যেত, তা নয়। কিন্তু অন্তত চেষ্টা তো করা যেত; আলো কম থাকায় তা থেমে গেছে আধঘণ্টা আগেই।
৩৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেটে ১৮৪ রান তোলার পর খেলা থেমে যাওয়ায় স্বস্তিতে থাকার কথা বাংলাদেশের খেলোয়াড়দের। এই টেস্টে তাঁরা যা খেলেছেন, তাতে ড্র নিয়ে সন্তুষ্ট না থেকে উপায় নেই। অবশ্য চাইলে এখন এই প্রশ্নও তুলে দেওয়া যায়, বাংলাদেশ আসলে জিততে চেয়েছে তো?
স্বাগতিক হিসেবে তাদের চাওয়া অনুযায়ীই উইকেট তৈরি হওয়ার কথা। সিলেটে চতুর্থ ও পঞ্চম দিনে উইকেট যেরকম বোলারদের জন্য প্রায় কিছুই রাখেনি, সেখানে কোনো ফল বের হওয়া কঠিন কাজই ছিল। তাও যে বাংলাদেশ ড্র করতে পেরেছে, ওই কৃতিত্বের প্রায় পুরোটাই তাওহিদ হৃদয়ের।
প্রথম ইনিংসে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি তো করেছিলেনই, দ্বিতীয় ইনিংসেও তিনি দলের বিপর্যয় ঠেকিয়ে দিয়েছেন। সকালে ১০ ওভার ব্যাটিং করে প্রথম সেশনের মাঝামাঝিতে ৩৯৮ রান করে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন তাওহিদ হৃদয়রান তাড়ায় ১২ ওভারের ভেতরই দুই ওপেনার তানজিদ হাসান ও নাজমুল হোসেনের উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। জোমেল ওয়ারিক্যানের বলে স্লগ সুইপ করতে গিয়ে তানজিদ ক্যাচ দেন বাউন্ডারির কাছে। তাঁর বলেই এলবিডব্লু হয়ে যান নাজমুলও।
৪০ রানে ২ উইকেট হারিয়ে ফেলার পর মুশফিকুর রহিমের সঙ্গে ১৩৫ রানের জুটিতে বিপর্যয় ঠেকান হৃদয়। নতুন করে লিখে যান কিছু রেকর্ডও। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক টেস্টে ৩০০–র বেশি রান করেন, আরও একটা ‘এলিট’ রেকর্ডেও নাম তোলার হাতছানি ছিল তাঁর সামনে।
ম্যাচ ড্র, বাংলাদেশের সিরিজ হার এক টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করার কীর্তি বাংলাদেশের কারও ছিল না, টেস্ট ইতিহাসেই তা ছিল ১০ জনের। সেই সংখ্যাটা এগারো হওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন হৃদয়। কিন্তু ৮২ রান করে জোমেল ওয়ারিক্যানের লেগ স্টাম্পের বাইরের বলে সুইপ করতে গিয়ে বোল্ড হন হৃদয়। স্টাম্পে বলটা শুধু ছুঁয়ে যায়, তাতেই বেল পড়ে যাওয়ার বিস্ময় নিয়ে ওয়ারিক্যানের শততম টেস্ট উইকেট হিসেবে তিনি ড্রেসিংরুমে ফেরেন।
সিরিজসেরার পুরস্কার নিচ্ছেন জোমেল ওয়ারিক্যানতাঁর বিদায়ের মিনিট বিশেকের মধ্যেই আউট হয়ে যান মুশফিকুর রহিমও। শামার জোসেফের বলে ৪৯ রান করে আউট হওয়ার আগে তিনি টেস্টে ৭ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। বাড়তি একটা রোমাঞ্চও তৈরি হয় তখন। কিন্তু লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ ১৪ বল খেলার পরই আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়।
কিছুক্ষণ পর ঘোষণা আসে ড্র মেনে নেওয়ারও। বাংলাদেশের বড় স্বপ্ন নিয়ে শুরু হওয়া সিরিজটা ১-০ ব্যবধানে জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের হিসাবের খাতায় যোগ হয়েছে কেবল কিছু ব্যক্তিগত কীর্তি আর মাইলফলক।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৩৫৬ ও ৩৯৮/৬ ডিক্লে. (হজ ১৪২, উইকহ্যাম ৭৮, কিং ৬১; নাঈম ২/৭২, মিরাজ ২/৮৫, তাইজুল ২/১১৮)।
বাংলাদেশ: ৩৮৬ ও ১৮৪/৪ (হৃদয় ৮২, মুশফিক ৪৯, তানজিদ ২১; ওয়ারিক্যান ৩/৪৪)।
ফল: ড্র।
ম্যাচসেরা: তাওহিদ হৃদয়।
সিরিজসেরা: জোমেল ওয়ারিক্যান (ওয়েস্ট ইন্ডিজ)।
সিরিজ: দুই ম্যাচের সিরিজ ১–০ ব্যবধানে জিতল ওয়েস্ট ইন্ডিজ।

Source - www.prothomalo.com ↗