প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেছেন। জীবনের মোড় বদলে দেওয়া অধ্যায়, প্রিয়জনের জন্য হৃদয়ের গভীর স্পন্দন অথবা হঠাৎ অপ্রত্যাশিত সুখের উপলব্ধি উঠে এসেছে এসব লেখায়। নির্বাচিত লেখাগুলো প্রকাশ করা হলো প্রথম আলোর পাঠকদের জন্য।
২০১৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন। বিকেলবেলা কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের গ্যালারিতে বসে কাঁদছি। আমাকে সান্ত্বনা দিচ্ছে দুই সহপাঠী বন্ধু। বিকেলে স্টেডিয়ামে ঘুরতে আসা কয়েকজন এই দৃশ্য দেখে জিজ্ঞেস করল, ফেল করার কারণে কান্না করছি কি না। আমার বন্ধুরা জবাবে বলল, ‘না।’
আমার অবশ্য জবাব দেওয়ার মতো অবস্থা ছিল না। একটানা কাঁদছি। সেবার কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল মাত্র ৫৯ দশমিক ৮০ শতাংশ। কৃতকার্যদের তালিকায় আমার নামও আছে। কান্নার কারণ দীর্ঘদিনের লালিত স্বপ্ন ভেঙে যাওয়া। স্বপ্নপূরণের জন্য যে জিপিএ প্রয়োজন ছিল, সেটা না পাওয়া। মজার ব্যাপার হলো, আমার পাশে বসা দুই বন্ধু পাস করতে পারেনি; কিন্তু নিজেরা কান্নাকাটি না করে উল্টো আমাকে সান্ত্বনা দিচ্ছে।
সৃষ্টিকর্তা অন্য কিছু লিখে রেখেছিলেন

আব্বার স্বপ্ন ছিল আমাকে ডাক্তার বানাবেন। সে জন্য ক্লাস এইট পাসের পর মাদ্রাসা থেকে নিয়ে স্কুলে ভর্তি করানোর পরিকল্পনা ছিল। কিন্তু আমরা যা পরিকল্পনা করি, সৃষ্টিকর্তা অনেক সময় ভাগ্যে অন্য কিছু লিখে রাখেন।
২০০৮ সাল, ক্লাস এইটে পড়ি। সে বছরই ক্যানসারে আক্রান্ত হয়ে আব্বা মারা গেলেন। আর আমাদের জীবনের গতিপথও পুরোপুরি পাল্টে যায়।
আব্বার চাকরিসূত্রে জন্মের পর থেকেই পরিবারসহ ছিলাম গাজীপুরের কালীগঞ্জে। ওনার হঠাৎ মৃত্যুর পর সবকিছু নিয়ে চলে যেতে হয় গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। পরের বছর আমার ঠাঁই হয় ঢাকার একটি স্বনামধন্য মাদ্রাসায়, থাকার ব্যবস্থা হয় এতিমখানায়।
হঠাৎ অভিভাবক শূন্যতায় পড়ে যাই। ফলে এইট পাসের পরও ঢাকার মাদ্রাসায় ক্লাস নাইনে ভর্তি হতে পারিনি। কর্তৃপক্ষ আমাকে ক্লাস সেভেনে ভর্তি করিয়ে দেয়। পিছিয়ে গেলাম দুই বছর। শুরুর দিকে মানতে কষ্ট হলেও মেনে না নেওয়া ছাড়া উপায় ছিল না।
শুরু হলো নতুন লড়াই। ডাক্তার হওয়ার স্বপ্ন তখনো তীব্র। দুই বছর পর স্বপ্নপূরণের লক্ষ্যে ক্লাস নাইনে বিজ্ঞান বিভাগে ভর্তি হই। ছাত্র হিসেবে ভালোই ছিলাম। বিভাগের ১০০ শিক্ষার্থীর মধ্যে রোল নম্বর দশের ভেতরে থাকত। শিক্ষকেরাও স্নেহ করতেন।
২০১৩ সালে দাখিল পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করি। স্বপ্নটা আরও বেড়ে গেল। মাদ্রাসা ছেড়ে দিলাম। কলেজে ভর্তি হব। সেই সঙ্গে এতিমখানাও ছাড়তে হলো। এখানে থেকে কলেজে পড়ার সুযোগ নেই।
জীবনের আসল সংগ্রাম শুরু হলো এবার। ইচ্ছা ছিল ঢাকার কোনো একটি কলেজে পড়াশোনা করব। অনলাইনে ভর্তির আবেদনও করি। সেই সঙ্গে খুঁজতে থাকি ঢাকায় টিকে থাকার অবলম্বন। টিউশন বা পার্টটাইম চাকরি কোনোটাই খুঁজে পাইনি। এরই মধ্যে ভর্তির ফলাফল এল। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিজ্ঞান বিভাগে সুযোগ আসে। সবাই পরামর্শ দিল কুমিল্লায় চলে যেতে। অনেক ভেবেচিন্তে এটাকেই সঠিক সিদ্ধান্ত মনে হলো।
যেদিন কুমিল্লা যাই, সেদিনই ছিল ভর্তির শেষ দিন। তবে আমি জানতাম না। দুপুরে যখন কলেজে পৌঁছাই, তখন অফিস বন্ধ হচ্ছিল। আমার এক কাজিন শহরে ব্যবসা করতেন। ওনাকে সঙ্গে নিয়ে যাই। সব কাগজপত্র জমা দিলাম, সব কিছু ঠিকঠাক হলো। তারপর যখন ভর্তির তালিকায় আমার নাম লিখতে যাব, তখন দায়িত্বে থাকা কর্মকর্তা বললেন, ‘মুক্তিযোদ্ধার সার্টিফিকেট কই?’ আমি যেন আকাশ থেকে পড়লাম। তিনি বললেন, ‘আপনার মেধাক্রম মুক্তিযোদ্ধা কোটায় এসেছে।’
আমার আত্মীয়স্বজনের মধ্যে কোনো মুক্তিযোদ্ধা নেই। ভুল হয়েছিল ভর্তি আবেদনের সময়। নিজেই ফোনের মেসেজের মাধ্যমে আবেদন করেছিলাম। অন্যান্য কলেজে যেভাবে আবেদন করি, এই কলেজেও সেভাবেই করি। কিন্তু স্বয়ংক্রিয় মেসেজে ‘এফকিউ’ অপশন এসেছিল। আমি এটার মানে না বুঝেই ওকে করে দিয়েছিলাম।
যাহোক, ভর্তি আর হতে পারিনি। অগত্যা সেদিন গ্রামে ফিরে যাই। আমার কাজিন সান্ত্বনা দিয়ে বলেছিলেন, কুমিল্লার নামীদামি কোনো কলেজে ভর্তি করিয়ে দেবেন।
কিছুদিন অপেক্ষা করি। নামীদামি কলেজের কোনোটাতেই ভর্তির সুযোগ আর নেই। শেষ পর্যন্ত কাজিন আমাকে শহরের একটি নতুন প্রাইভেট কলেজে ভর্তি করিয়ে দেন। তারা বিনা মূল্যে পড়ানোর প্রতিশ্রুতি দেয়। সে বছরই কলেজটি প্রতিষ্ঠিত হয়। অবশেষে কোথাও ভর্তি হতে পেরেছি, এটাই সান্ত্বনা। এবার থাকার জায়গার ব্যবস্থা করার পালা।
শহরের কোনো মেসে থাকতে হলে টাকা লাগবে। সেই সামর্থ্য নেই। শহরের প্রান্তে বিভিন্ন পরিচিত মানুষদের সাহায্যে লজিং খুঁজতে লাগলাম। এভাবে চলে যায় দু-তিন মাস। প্রথম দুই মাস গ্রামের বাড়ি থেকে দেড় ঘণ্টার দূরত্ব পাড়ি দিয়ে শহরে এসে ক্লাস করতাম। পরের এক মাস থাকি এক আত্মীয়ের বাসায়। তারপর একটা লজিং বাড়ি খুঁজে পাই। সেখানে উঠে গেলাম।
লজিংয়ে দুজন ছেলে ছিল। তাদের পড়াতে হতো দুই বেলা। বিনিময়ে সেই বাড়িতে থাকার জন্য একটা মাটির ঘর এবং তিন বেলা খাওয়া। দুই বেলা বলতে তারা আমার কাছেই সার্বক্ষণিক পড়াশোনা করত। ফাঁকে চলত নিজের পড়াশোনা। শহরের পাশে ছিল সেই বাড়ি। কলেজে যেতে আধা ঘণ্টার মতো লাগে। নামের পাশে লজিং মাস্টার উপাধি। একাদশ শ্রেণি পুরোটা সেখানে থেকেই পড়াশোনা করি।
দ্বাদশ শ্রেণিতে উঠে লজিং ছেড়ে দিতে হলো। মূলত তারা আর মাস্টার রাখবে না। এক বন্ধুর সাহায্যে একটা টিউশনি পেয়ে যাই। মাসে এক হাজার টাকা দেবে। সেই ভরসায় শহরে একটা মেসে উঠে যাই। মেসে থাকা-খাওয়া মিলিয়ে খরচ তিন হাজার টাকা। আশা ছিল, একটার উসিলায় আরও টিউশন খুঁজে পাব। কিন্তু এক মাস পর সেই টিউশনও চলে যায়। এরপর দুই মাস বেকার। কাজিনদের কাছে টাকা চাইতাম। তারা কিছু দিত। সেই টাকায় না হলেও কোনোরকমে চালিয়ে নিতাম। কলেজের একজন ম্যাডামও ওই সময় সহযোগিতা করেছিলেন।
একটা সময় আবার টিউশন পাই। সেটার উসিলায় আরও দুইটা খুঁজে পাই। আর্থিক অনিশ্চয়তা দূর হলো। সন্ধ্যায় বের হয়ে তিনটা টিউশন করে মেসে ফিরতে ফিরতে রাত ১১টা বেজে যেত। এরপর রাত ২টা পর্যন্ত চলত নিজের পড়াশোনা। প্রস্তুতির কমতি রাখতাম না। তবু সেটা হয়তো পর্যাপ্ত ছিল না।
এদিকে এইচএসসি পরীক্ষার জন্য আমাদের রেজিস্ট্রেশন করানো হলো একটি অখ্যাত কলেজে। ফলাফলের দিক দিয়ে সেই কলেজের রেকর্ড কখনোই ভালো ছিল না।
নিজের জায়গা থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এইচএসসি পরীক্ষা দিলাম। আশা ছিল, জিপিএ-৫ পাব। না হলেও কাছাকাছি অন্তত থাকবে।
তারপর এল ফলাফল প্রকাশের দিন। সহপাঠীরা দুশ্চিন্তায়। আমার অবশ্য দুশ্চিন্তা ছিল না। আত্মবিশ্বাস ছিল ভালো করব। তবু কলেজের অতীত রেকর্ড ভালো না হওয়ায় একটা সময় দুশ্চিন্তা চেপে ধরল। ঘুমের ওষুধ খেয়ে রাতে ঘুমালাম। পরদিন দুপুরে ঘুম ভাঙার পর জানতে পারি, আমার জিপিএ–৩.২৫ এসেছে। সহপাঠীদের অনেকেই ফেল।
পাস করেছি ঠিকই, কিন্তু এমন পাস মার্ক আমার স্বপ্ন ভেঙে দিল। মেডিক্যালে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতাও অর্জন করতে পারিনি। তবে হাল ছাড়িনি। পরের বছর আবার এইচএসসি পরীক্ষায় অংশ নিই। সবগুলো বিষয় পরীক্ষা দিই। জিপিএ বাড়লেও এবারও কাঙ্ক্ষিত ফল আসেনি।
জীবনে আমরা যা কিছু চাই, অনেক সময় তা পাই না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। কিন্তু সৃষ্টিকর্তা ভিন্ন কিছু লিখে রেখেছিলেন। এই না পাওনা নিয়ে কোনো আক্ষেপ নেই।
* তাহসিন আহমেদ: কনটেন্ট কো-অর্ডিনেটর, বন্ধুসভা

Source - www.prothomalo.com ↗