Bangladesh · 2026-11-09 18:10:15

সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ: মুরাদপুরে যুবককে গুলি

সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ: মুরাদপুরে যুবককে গুলি
চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় প্রকাশ্য দিবালোকে ইমতিয়াজ সুলতান একরাম নামের এক যুবককে গুলি করে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে ফরেস্ট গেটের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। শরীরে একাধিক গুলি লাগলেও একরাম প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী সূচী। এই হামলার জন্য বিদেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’ বাহিনীকে দায়ী করেছে ভুক্তভোগীর পরিবার।

জানা গেছে, ১০টি হত্যাসহ ১৯ মামলার আসামি ‘ছোট সাজ্জাদ’কে ধরিয়ে দিতে পুলিশ পুরস্কার ঘোষণা করেছিল। গত ১৫ মার্চ রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল থেকে ছোট সাজ্জাদকে আটক করা হয়। সে সময় শপিং মলে ছোট সাজ্জাদকে ঝাপটে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন মুরাদপুরের বাসিন্দা ইমতিয়াজ সুলতান একরাম ও তাঁর স্ত্রী।

সন্ত্রাসী ছোট সাজ্জাদ বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী। নিজের অনুসারীকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার পর থেকেই একরামের ওপর ক্ষিপ্ত ছিল বড় সাজ্জাদ ও তার বাহিনী। এর আগে একরামের সহচর সরোয়ার বাবলাকে প্রকাশ্য গুলি করে হত্যার অভিযোগও রয়েছে এই বাহিনীর বিরুদ্ধে। আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করার কারণে একরামকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ পরিবারের। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে একরাম আত্মগোপনে ছিলেন।

ভুক্তভোগী একরাম জানান, বাসা থেকে বেরিয়ে দোকানে বসার পরপরই এক যুবককে অস্ত্র বের করতে দেখে তিনি তাকে ঝাপটে ধরেন। এ সময় আশপাশে ওত পেতে থাকা সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালালে তিনি একাধিক গুলিবিদ্ধ হন। তিনি হামলাকারীদের মধ্যে পলাতক শীর্ষ সন্ত্রাসী রায়হানকে চিনতে পেরেছেন বলে দাবি করেন।

একরামের স্ত্রী সূচী বলেন, “ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ায় বড় সাজ্জাদ বাহিনী আমাদের ওপর ক্ষিপ্ত। তারা আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে নির্বিচারে গুলি চালিয়েছে। আমার দুটি ছোট সন্তান রয়েছে, আমি প্রশাসনের কাছে নিরাপত্তা ও বিচার দাবি করছি।”

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ভিকটিম ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, দুটি মোটরসাইকেলে আসা পাঁচজন দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে। আহত একরাম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Source - www.bd24live.com ↗