বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ২৪’-এ অসত্য ও মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ’র আদালতে লালমনিরহাটের সাবেক যুগ্ম জেলা ও দায়রা জজ (সাময়িক বরখাস্ত) মো. আরিফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে মামলার বিষয়ে তদন্ত করতে ডিবি পুলিশকে নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু এ তথ্য নিশ্চিত করে বলেন, এই বিচারকের (বাদী) মৃত শ্বশুর ও সৎ চাচা শ্বশুরের ভেতরে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে চ্যানেল-২৪ ভুয়া নিউজ করে।
চ্যানেল ২৪-এর এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

এই নিউজের ওপর ভিত্তি করে নাকি তাকে সাসপেন্ড করা হয়। এর আগে এ ঘটনায় তাদের ক্ষমা চেতে লিগ্যাল নোটিশ দিয়েছিলাম, কিন্তু তারা ক্ষমা না চাওয়ায় আজ মামলাটি করি। পরে ক্ষতিপূরণ চেয়েও মামলা করতে পারি। মামলার আসামিরা হলেন চ্যানেল ২৪-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ, ‘সার্চলাইট’ প্রোগ্রামের সম্পাদক ফয়সাল আলম, নির্বাহী পরিচালক জহিরুল আলম, হেড অব মাল্টিমিডিয়া রাজিব খান, অ্যাসাইনমেন্ট সম্পাদক মাকসুদ উন নবী, সিনিয়র নিউজ এডিটর তুহিন কাইয়ুম এবং নিউজ রিপোর্টার জাহিদ হোসেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ৯ অক্টোবর চ্যানেল ২৪-এর নিয়মিত সংবাদ ও রাত ৯টার অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘সার্চলাইট’-এ ‘মামলা আছে, নেই বাদী-সাক্ষীর খোঁজ : বিচারককে ঘিরে অনুসন্ধানে চাঞ্চল্য’ শীর্ষক একটি প্রতিবেদন প্রচার করা হয়। সেই প্রতিবেদনে বাদী আরিফুল ইসলামের বক্তব্য অসৎ উদ্দেশ্যে বিকৃত ও কেটে ছেঁটে (কাট করে) প্রচার করা হয়েছে।
পরবর্তী সময়ে ১৫ অক্টোবর আইন ও বিচার বিভাগ থেকে মো. আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হলে চ্যানেল ২৪ পুনরায় সংবাদ প্রকাশ করে দাবি করে যে, তাদের প্রতিবেদন প্রচারের পরই ওই বিচারককে বরখাস্ত করা হয়েছে।
আরও বলা হয়, শরীয়তপুরের সাবেক জেলা ও দায়রা জজ (বর্তমানে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক) মো. সোলায়মানের একটি অভিযোগের ভিত্তিতে এবং জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা ২০১৭ অনুযায়ী ‘অদক্ষতা’ ও ‘অসদাচরণ’-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় এবং তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
চ্যানেল ২৪-এর সংবাদের কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে-এমন প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মানহানিকর। বাদী তার বক্তব্য বিকৃত করার প্রমাণ হিসেবে একটি পেনড্রাইভ আদালতে জমা দিয়েছেন। একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে অপরাধ আমলে নিয়ে তাদের নামে সমন জারির আবেদনও করা হয়েছে।
The post চ্যানেল ২৪-এর এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗