Bangladesh · 2026-11-09 21:17:27

বগুড়ার শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে অগ্নিসংযোগ

বগুড়ার শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে অগ্নিসংযোগ
বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আসন্ন হরতাল সফল করার প্রচারের অংশ হিসেবে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর একদল পিকেটার মহাসড়কের গাড়িদহ এলাকায় জড়ো হয়। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পিকেটিং শুরু করে এবং আকস্মিকভাবে মহাসড়কে আগুন ধরিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Source - www.bd24live.com ↗