Bangladesh · 2026-11-09 21:05:54

নগরীর সৌন্দর্য বিনষ্ট করে অবৈধ পোস্টার, ৫০ হাজার টাকা জরিমানা

নগরীর সৌন্দর্য বিনষ্ট করে অবৈধ পোস্টার, ৫০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম নগরীর সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বিনষ্ট করে অনুমোদনহীনভাবে যত্রতত্র পোস্টার লাগানোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। অভিযানে বিভিন্ন কোচিং সেন্টার ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

অভিযানে উদ্ভাস, উন্মেষ, ফ্লোরেন্স নার্সিং স্কুল, ইনডেক্স ও সায়েন্স কেয়ারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুমোদন ছাড়া নগরীর বিভিন্ন স্থানে পোস্টার লাগানোর অভিযোগে এ অর্থদণ্ড আদায় করা হয়।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছ থেকে নিজ নিজ উদ্যোগে ও দায়িত্বে অবৈধভাবে লাগানো পোস্টার অপসারণের অঙ্গীকারনামা (মুচলেকা) নেওয়া হয়।

নগরীর সৌন্দর্য রক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং যত্রতত্র পোস্টার-ব্যানার লাগানোর প্রবণতা বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। নগরীর সৌন্দর্য নষ্ট করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশন।

চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে অবৈধ পোস্টার, ব্যানার ও ফেস্টুনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Source - www.bd24live.com ↗