বাংলাদেশে ক্রমবর্ধমান গণপিটুনি, রাজনৈতিক সহিংসতা, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন ও নাগরিক নিরাপত্তাহীনতাসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন -BHRF এর চেয়ারপার্সন অ্যাডভোকেট এলিনা খান এবং মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান।
বিবৃতিদাতারা বলেন- মানুষের জীবন, মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনা জরুরি।
১ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে উঠে আসা বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন ও পরিসংখ্যান দেশের মানবাধিকার পরিস্থিতির বেশ কিছু উদ্বেগজনক দিক তুলে ধরেছে।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে গণপিটুনিতে ৩২ জন নিহত হয়েছেন, যা সেপ্টেম্বরে ২৩ জনের তুলনায় ৩৯ শতাংশ বেশি। চুরি, ডাকাতি, ব্যক্তিগত বিরোধ ও বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপার্সন অ্যাডভোকেট এলিনা খান বলেন- কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলেই আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। অপরাধের বিচার করার একমাত্র বৈধ পথ হলো প্রচলিত আইন ও বিচারব্যবস্থা। গণপিটুনি সভ্য সমাজ, আইনের শাসন ও মানবাধিকারের সম্পূর্ণ পরিপন্থী।
অক্টোবর মাসে দেশে গণপিটুনিতে ৩২জন নিহত : বিএইচআরএফ এর উদ্বেগ

অধিকার-এর প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে দেশে ২ হাজার ৯০১টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১০৯ জন নিহত এবং ২ হাজার ৭৯২ জন আহত হয়েছেন। একই প্রতিবেদনে নারী ও শিশুদের প্রতি সহিংসতার ৬১৭টি ঘটনা এবং গণপিটুনিতে ৭৪ জনের মৃত্যুর তথ্য উঠে এসেছে। এ ছাড়া কারাগারে ৬৭ জনের মৃত্যু, ১০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ এবং সীমান্তে বিএসএফের গুলিতে ১১ জনের মৃত্যুর বিষয়টিও উদ্বেগের সঙ্গে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, রাজনৈতিক মতপার্থক্য কিংবা সামাজিক বিরোধ কোনোভাবেই সহিংসতার কারণ হতে পারে না। নাগরিকের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। একই সঙ্গে কারাগারে বন্দিদের মানবিক মর্যাদা, নিরাপত্তা এবং যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোরও স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। অক্টোবর মাসে নারী ও শিশু নির্যাতনের চিত্রও অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিবেদন অনুযায়ী, ওই মাসে ২৪০ জন নারী ও শিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ৫১ জন ধর্ষণের শিকার, যার মধ্যে ৩৪ জন শিশু। ধর্ষণের পর তিনজনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ৪২টি হত্যাকাণ্ড এবং ২৮টি রহস্যজনক মৃত্যুর ঘটনাও প্রতিবেদনে উঠে এসেছে।
অন্যদিকে, মানবাধিকার সহায়তা সংস্থা (এইচআরএসএস)-এর প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে ২৬১ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে ৮২টি ধর্ষণের ঘটনা রয়েছে, যার ৪২ জনই শিশু। নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়; আইনের যথাযথ বাস্তবায়ন, সামাজিক সচেতনতা, ভুক্তভোগীর নিরাপত্তা এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতন ও সহিংসতার ঘটনায় কোনো ধরনের অবহেলা বা আপস গ্রহণযোগ্য নয়।
কুমিল্লার চৌদ্দগ্রামে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষকের গ্রেপ্তার এবং নাটোরের সিংড়ায় চার বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হওয়ার ঘটনাও শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। শিশুদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সামাজিক পরিবেশকে নিরাপদ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা প্রয়োজন। শিশু নির্যাতনের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করে দ্রুত তদন্ত, ভুক্তভোগীর সুরক্ষা, চিকিৎসা ও মনোসামাজিক সহায়তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অপরাধীদের দৃষ্টান্তমূলক আইনগত জবাবদিহি নিশ্চিত করা জরুরি। শিশুদের নিরাপদ শৈশব ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব।
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন মনে করে, মানবাধিকার কোনো বিশেষ ব্যক্তি বা শ্রেণির জন্য নয়; এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। গণপিটুনি, রাজনৈতিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং কারা হেফাজতে মৃত্যুর মতো ঘটনাগুলো প্রতিরোধে রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা অপরিহার্য। সংগঠনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার, ভুক্তভোগী ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছে। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (BHRF) বিশ্বাস করে, আইনের শাসন, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই একটি নিরাপদ, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
Source - www.bd24live.com ↗