রাজধানীর আদাবর থেকে ছয়টি পেট্রলবোমা, ৯৫০ গ্রাম গানপাউডারসহ দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি–২। আজ সোমবার ভোররাতে শ্যামলী রিং রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন মো. মাহবুব হোসেন (২৯) ও মো. রাশেদ কবির (২৮)।
এসআরবি–২–এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন ব্যক্তি নাশকতার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে শ্যামলী রিং রোড এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহী মাহবুব ও রাশেদকে পেট্রলবোমা, গানপাউডারসহ আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন নিজেদের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছেন। তাঁদের মধ্যে মাহবুব হোসেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে তাঁরা এসব বিস্ফোরক দ্রব্য নিয়ে অবস্থান করছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।
আদাবরে পেট্রলবোমা–গানপাউডারসহ ছাত্রলীগ সম্পাদকসহ গ্রেপ্তার ২: এসআরবি

মাহবুব হোসেনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় হত্যাচেষ্টা, দাঙ্গা ও হাঙ্গামা, গুরুতর জখম এবং বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি। তারা আরও জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।
Source - www.prothomalo.com ↗