Bangladesh · 2026-11-09 22:36:37

ফুটবল খেলতে গিয়ে মাঠেই লুটিয়ে পড়ল শিক্ষার্থী, হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা

ফুটবল খেলতে গিয়ে মাঠেই লুটিয়ে পড়ল শিক্ষার্থী, হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা
কুমিল্লার হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ে ফুটবল খেলার সময় মাঠেই লুটিয়ে পড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. জিসান আহমেদ (১৪)। তাৎক্ষণিক জিসানকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ সোমবার বেলা আড়াইটার দিকে হোমনা পৌরসভা ও মাথাভাঙ্গা ইউনিয়ন দলের খেলা চলাকালে এ ঘটনা ঘটে। নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ২০২৬-এর উপজেলা পর্যায়ের প্রথম রাউন্ডের খেলা ছিল এটি। জিসান মাঠে লুটিয়ে পড়ার পর খেলাটি বন্ধ করে দেওয়া হয়।
জিসান হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে হোমনা পৌরসভা দলের হয়ে খেলছিল। খেলা শুরুর চার-পাঁচ মিনিটের মধ্যে হঠাৎ মাঠে লুটিয়ে পড়ে সে। পরে খেলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জিসানকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলার সময় হঠাৎ হৃৎক্রিয়া বন্ধ হয়ে জিসানের মৃত্যু হয়েছে।
জিসান হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের সৌদিপ্রবাসী জালাল হোসেনের একমাত্র সন্তান। মা মিনা আক্তার ছেলেকে নিয়ে হোমনা পৌর সদরের একটি ভাড়া বাসায় থাকতেন। সেখানে থেকেই জিসান হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করত।
জিসানের মৃত্যুর ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান এক শোকবার্তায় বলেন, জিসানের আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা গভীরভাবে শোকাহত।
জিসানের পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের সুপারিশে ও জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাত সাড়ে সাতটায় হোমনা উপজেলা সদরের মসজিদ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জিসানের বাবা সৌদি আরব থেকে দেশে পৌঁছানোর পর দড়িকান্দি গ্রামের মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
হোমনার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন প্রথম আলোকে বলেন, ফুটবল খেলার সময় জিসানের মৃত্যুর খবর পেয়ে কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ ঘটনায় জিসানের পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে।

Source - www.prothomalo.com ↗