Bangladesh · 2026-11-09 23:24:45

টাঙ্গাইলের মধুপুরে মাদরাসা প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

টাঙ্গাইলের মধুপুরে মাদরাসা প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
টাঙ্গাইলের মধুপুরে একটি নূরানী ও হাফেজিয়া মাদরাসার প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মোফাজ্জল হোসেন স্থানীয় বাসিন্দা মৃত বাবুর আলীর ছেলে।

তিনি টেকী নাগবাড়ী রিয়াজুল জান্নাহ গোরস্থান নূরানী ও হাফেজিয়া মাদরাসার প্রধান শিক্ষক। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, গত শনিবার (৭ নভেম্বর) মাদরাসার মাঠ থেকে ডেকে নিয়ে অফিসকক্ষে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন অভিযুক্ত শিক্ষক। পর শিশুটিকে ২০ টাকা দিয়ে বিষয়টি কাউকে না বলার জন্য এবং বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেন ওই হুজুর।

এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের। ভয়ে শিশুটি কাউকে বলেনি। পরিবার সূত্রে জানা যায়, শনিবারের ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে মাকে বিষয়টি জানায়। সন্ধ্যায় ভ্যানচালক বাবা বাড়ি ফিরলে তাকেও ঘটনাটি জানানো হয়। পরদিন রোববার বিকেলের মধ্যে পরিবারের সদস্য ও স্বজনেরা বিষয়টি জানতে পারেন। ভুক্তভোগী শিশুর ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তাকে অফিসকক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়।

এ সময় তার এক সহপাঠী বিষয়টি দেখতে পেয়ে দরজা ও টিনের বেড়ায় শব্দ করে এবং শিশুটির নাম ধরে ডাকাডাকি করে। ভুক্তভোগীর এক স্বজন জানান, রাত হয়ে যাওয়ায় পরদিন সোমবার সকালে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পরে নারী পুলিশ সদস্য শিশুটির সঙ্গে কথা বলেন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে মামলা করার পরামর্শ দেন ওই নারী পুলিশসহ সংশ্লিষ্টরা।

তবে পরীক্ষা-নিরীক্ষা ও অভিযোগের প্রমাণসংক্রান্ত বিষয় নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় ভয়ে পরিবারটি থানা থেকে ফিরে আসে বলে জানান ওই স্বজন। তিনি আরও জানান, অভিযুক্ত শিক্ষক শিশুটির চাচা এবং একই এলাকার বাসিন্দা। ফলে ঘটনাটি জানাজানি হওয়ার পর পরিবারটি সামাজিক ও পারিবারিক চাপের মধ্যেও রয়েছে। এদিকে, ঘটনাটি জানার পর স্বেচ্ছাসেবী সংগঠন ও সচেতন ব্যক্তিরা শিশুটির চিকিৎসা এবং আইনগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।

তবে দরিদ্র পরিবারটি ভয়ে এখনো প্রয়োজনীয় উদ্যোগ নিতে সাহস পাচ্ছে না। অন্যদিকে, স্থানীয় ইব্রাহিম নামের এক মাতব্বরসহ কয়েকজন বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার কথা বলে পরিবারটিকে চাপ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি অন্য কোথাও গিয়ে বিষয়টি না জানানোর জন্যও তাদের নিষেধ করা হচ্ছে বলে পরিবারের দাবি। অভিযুক্ত শিক্ষক হুজুর মোফাজ্জল হোসেনের বক্তব্য জানতে মাদরাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি।

তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। মাদরাসা পরিচালনা পরিষদের একজন সদস্য এ ধরনের অভিযোগ ওঠার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় মাদরাসার আশপাশ ও ভুক্তভোগী শিশুর বাড়ির এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক জানান, তিনি এ ঘটনা সম্পর্কে অবগত নন। ভুক্তভোগীর পরিবারের কাউকে থানায় এসে অভিযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে রিপোর্ট লেখার সময় ঘটনাস্থলে পুলিশ গেছেন বলে জানা গেছে।

The post টাঙ্গাইলের মধুপুরে মাদরাসা প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗