Bangladesh · 2026-11-09 23:58:52

মিয়ানমার থেকে নৌকায় টেকনাফে অনুপ্রবেশ, নারী-শিশুসহ আটক ৩৮

মিয়ানমার থেকে নৌকায় টেকনাফে অনুপ্রবেশ, নারী-শিশুসহ আটক ৩৮
মিয়ানমার থেকে সাগরপথে মাছ ধরার নৌকায় বাংলাদেশে প্রবেশের পর নারী, পুরুষ, শিশুসহ ৩৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের মধ্যে ১৪ নারী, ৮ পুরুষ ও ১৬ শিশু রয়েছে। আজ সোমবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় কয়েকজন পাচারকারী পালিয়ে পাহাড়ে আত্মগোপন করেন বলে জানা গেছে।
বিকেলে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সাগরপথে অনুপ্রবেশের সময় ৩৮ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করা হয়েছে। তাঁদের সবাই রোহিঙ্গা বলে সন্দেহ করা হচ্ছে। পরিচয় শনাক্তের পর আইনগত প্রক্রিয়া নেওয়া হবে।
বিজিবি ও স্থানীয় লোকজন জানান, সোমবার ভোর পাঁচটার দিকে মিয়ানমার থেকে মানুষবোঝাই একটি মাছ ধরার নৌকা টেকনাফ উপকূলে আসে। টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার বাসিন্দা ফরিদ মিয়ার মালিকানাধীন একটি মাছ ধরার নৌকায় তাঁদের আনা হয়। পরে তাঁদের হাবিরছড়া গ্রামের এক নারীর বাড়িতে রাখা হয়।
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সদস্য রশিদ মিয়া বলেন, নৌকার মালিকেরা অর্থের বিনিময়ে সাগরপথে ৩৮ জনের একটি রোহিঙ্গা দলকে টেকনাফের সমুদ্রসৈকত থেকে তুলে হাবিরছড়া গ্রামে নিয়ে রাখেন। পরে তাঁদের ট্রলারে তুলে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল।

Source - www.prothomalo.com ↗