উৎসবমুখর পরিবেশে ভিন্নমাত্রার আয়োজন নিয়ে হাজির হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রোটার্যাক্ট ক্লাব। প্রতিবছরের মেলার গণ্ডি পেরিয়ে এবারই প্রথমবার সংগঠনটি আরও বড় পরিসরে আয়োজন করেছে উইন্টার স্মাইল ফেয়ার। এই বহুমাত্রিক উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে দুই দিনব্যাপী স্মাইল মুভি ফেস্ট, যেখানে প্রদর্শিত হচ্ছে দেশের সাম্প্রতিক আলোচিত ও দর্শকনন্দিত ৪টি চলচ্চিত্র।
জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসিমপুর’-এর থিম থেকে অনুপ্রাণিত হয়ে আজ সোমবার সকালে পর্দা উঠেছে দু’দিনব্যাপী এই উৎসবের। আয়োজনটি চলবে আগামীকাল ১০ নভেম্বর পর্যন্ত। ‘স্মাইল মুভি ফেস্ট’-এ প্রদর্শিত হচ্ছে ভিন্ন ভিন্ন ঘরানার ৪টি জনপ্রিয় সিনেমা—
প্রিয় মালতী: শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ও মেহজাবীন চৌধুরী অভিনীত সামাজিক প্রেক্ষাপটের বহুল আলোচিত ও প্রশংসিত চলচ্চিত্র।
উৎসব: তানিম নূর পরিচালিত পারিবারিক ঘরানার দর্শকনন্দিত সিনেমা।
ইস্ট ওয়েস্টে পর্দা উঠছে ‘প্রিয় মালতী’ থেকে ‘বনলতা এক্সপ্রেস’

দম: রেদওয়ান রনি পরিচালিত ও আফরান নিশো অভিনীত মনস্তাত্ত্বিক রোমাঞ্চকর সিনেমা।
বনলতা এক্সপ্রেস: তানিম নূর পরিচালিত সাম্প্রতিক সময়ের অন্যতম ব্যবসাসফল ও সাড়াজাগানো চলচ্চিত্র।
চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি উৎসবের অংশ হিসেবে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘স্মাইল স্পোর্টস টুর্নামেন্ট’। গত ৭ ও ৮ নভেম্বর ইডব্লিউইউ ক্যাম্পাসের বেসমেন্টে ক্যারাম, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার মধ্যদিয়ে মাঠে গড়ায় এই টুর্নামেন্ট।
অন্যদিকে, আজ ৯ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের কোর্টইয়ার্ডে শুরু হয়েছে দু’দিনব্যাপী মেলা। যেখানে অধিকাংশ স্টলেই উদ্যোক্তা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্টলগুলোতে শোভা পাচ্ছে রকমারি খাবার, প্রসাধনী ও আকর্ষণীয় ফ্যাশন আইটেমের পসরা।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রোটার্যাক্ট ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উৎসব নিছক বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। উৎসব থেকে অর্জিত অর্থ ব্যয় করা হবে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে।
সংগঠনটির প্রেসিডেন্ট ইসরার হাসান ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানান, উৎসবে প্রাপ্ত আয় থেকে ৪০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এবং ২৫০ জনেরও বেশি সুবিধাবঞ্চিত শিশুর হাতে স্কুল কিটস তুলে দেওয়া হবে।
The post ইস্ট ওয়েস্টে পর্দা উঠছে ‘প্রিয় মালতী’ থেকে ‘বনলতা এক্সপ্রেস’ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗