Bangladesh · 2026-11-10 07:00:00

মানুষ ঘুমের মধ্যে কথা বলে কেন

মানুষ ঘুমের মধ্যে কথা বলে কেন
গভীর রাতে হঠাৎ পাশের বিছানা থেকে কথা বলে উঠল। তুমি তাকিয়ে দেখলে, তোমার ভাই বা বোন দিব্যি ঘুমাচ্ছে। অথচ সে কী যেন বলছে! কখনো ফিসফিস করে, কখনো অস্পষ্ট শব্দে। মনে হচ্ছে কারও সঙ্গে কথা বলছে। তুমি কিছু জিজ্ঞাসা করতেই সে হয়তো উত্তরও দিয়ে দিল। কিন্তু সকালে উঠে তাকে রাতের ঘটনা জিজ্ঞাসা করলে দেখবে সে কিছুই মনে করতে পারছে না!
তোমার নিজের সঙ্গেও কি কখনো এমন হয়েছে? ঘুমের মধ্যে কথা বলেছ, অথচ সকালে কিছুই মনে নেই? এমন হলে ভয় পাওয়ার কিছু নেই। ঘুমের মধ্যে কথা বলা বেশ সাধারণ ঘটনা। বিজ্ঞানীরা মনে করেন, এর পেছনে রয়েছে মস্তিষ্কের কারসাজি।
ঘুমালেও কি মস্তিষ্ক জেগে থাকে
ঘুম মানেই মস্তিষ্ক পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া নয়। সারা রাত ঘুমের মধ্যেও মস্তিষ্কের বিভিন্ন অংশ নানা কাজ করতে থাকে। ঘুমেরও কয়েকটি ধাপ আছে। একেক ধাপে মস্তিষ্ক ও শরীরের কাজের ধরন একেক রকম।
ঘুমের একটি ধাপের নাম র‍্যাপিড আই মুভমেন্ট বা সংক্ষেপে রেম ঘুম। এ সময় চোখের পাতা বন্ধ থাকলেও চোখের মনি দ্রুত নড়াচড়া করে। বেশির ভাগ জীবন্ত ও স্পষ্ট স্বপ্ন এই ধাপেই দেখা যায়। রাতের ঘুমের প্রায় এক-চতুর্থাংশ সময় কাটে রেম ঘুমে।
অন্যদিকে, নন-রেম ঘুমের মধ্যে রয়েছে গভীর ঘুমের ধাপগুলো। সাধারণত রাতের ঘুমের ৭৫ থেকে ৮০ শতাংশ সময় এই ধাপগুলোতে কাটে। এ সময় শরীর বিশ্রাম নেয় এবং নিজেকে ঠিকঠাক করে। ঘুমের বিভিন্ন ধাপ মিলিয়ে তৈরি হয় তোমার রাতের ঘুমের পুরো ছক। একে বলা হয় স্লিপ আর্কিটেকচার।
ঘুমের ধাপগুলো রাতভর বারবার ফিরে আসে। প্রতিটি চক্র শেষ হতে মোটামুটি ৯০ মিনিট লাগে। ঘুমাতে যাওয়ার পরের দিকে নন-রেম ঘুম বেশি হয়। ভোরের দিকে বাড়তে থাকে রেম ঘুম।
ঘুম কেন এত জরুরি, জানো? ঘুমের সময় মস্তিষ্ক দিনের নানা অভিজ্ঞতা ও স্মৃতি গুছিয়ে রাখতে সাহায্য করে। ফলে গুরুত্বপূর্ণ তথ্য দীর্ঘদিন মনে রাখা সহজ হয়। শিশু-কিশোরদের বেড়ে ওঠার জন্যও ঘুম দরকার। এ ছাড়া রোগজীবাণুর বিরুদ্ধে লড়াই করতে শরীরের যে প্রতিরোধব্যবস্থা কাজ করে, ঘুমের সময় সেটিও সক্রিয় থাকে।
তাই শুধু ক্লান্তি দূর করতেই ঘুমের প্রয়োজন হয় না। তোমার মস্তিষ্ক ও শরীরকে সুস্থ রাখতেও জরুরি ঘুম। কিশোরদের প্রতিরাতে সাধারণত ৮ থেকে ১০ ঘণ্টা ঘুমানো উচিত। ছোট শিশুদের আরও বেশি ঘুম দরকার।
যে দেশে বারান্দায় কাপড় শুকানো নিষিদ্ধ, ভুল করলেই বড় জরিমানাআর ঘুমের মধ্যে কথা বলার সময় কী ঘটে জানো? ঘুমের মধ্যে কথা বলাকে ইংরেজিতে বলে স্লিপ টকিং। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি একধরনের প্যারাসমনিয়া। ঘুমের মধ্যে হাঁটা, দুঃস্বপ্ন দেখা বা ঘুমের মধ্যে অস্বাভাবিক আচরণ করার মতো ঘটনাগুলোকেও প্যারাসমনিয়া বলা হয়। এগুলোর বেশির ভাগই সাধারণ এবং ক্ষতিকর নয়। তবে কোনো ঘটনা খুব ঘন ঘন ঘটলে এবং দৈনন্দিন জীবনে সমস্যা তৈরি করলে সেটি চিকিৎসার প্রয়োজন হতে পারে।
ঘুমের মধ্যে কথা বলার সময় মস্তিষ্কের ভাষা ও কথা বলার সঙ্গে যুক্ত অংশগুলো সক্রিয় হয়ে উঠতে পারে। কিন্তু মুখ দিয়ে কথা বলা আটকে রাখার সঙ্গে যুক্ত মস্তিষ্কের অন্য অংশগুলো তখন ঘুমিয়ে থাকে। ফলে ঘুমের মধ্যেই মুখ দিয়ে শব্দ বেরিয়ে আসে। অবশ্য, এই প্রক্রিয়া ঠিক কীভাবে ঘটে, তা নিয়ে বিজ্ঞানীদের গবেষণা এখনো চলছে।
ঘুমের মধ্যে বলা কথার বেশির ভাগই আসলে স্পষ্ট কোনো কথা নয়। হতে পারে অস্পষ্ট বিড়বিড়, ফিসফিস বা হাসির শব্দ। কখনো আবার পরিষ্কার শব্দও শোনা যায়। গবেষণায় দেখা গেছে, ঘুমের মধ্যে বলা শব্দগুলোর মধ্যে ‘না’ বেশ সাধারণ। ঘুমের মধ্যে বলা মোট শব্দের প্রায় ৫ শতাংশই এই একটি শব্দ। অনেকে প্রশ্ন করে, আবার অনেকে এমন ভাষা ব্যবহার করে, যা জেগে থাকলে হয়তো ব্যবহার করত না।
মাঝেমধ্যে মনে হয়, ঘুমন্ত মানুষটি কারও সঙ্গে ঝগড়া করছে। আবার এমনও মনে হতে পারে, সে যেন কারও সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলে যাচ্ছে। একটু কথা বলছে, তারপর আবার থামছে; যেন অন্যজনের উত্তর শোনার অপেক্ষা করছে। অথচ ঘরে আর কেউ নেই!
এর একটি সম্ভাব্য ব্যাখ্যা হলো, তুমি হয়তো তার স্বপ্নে কথা কথার এক অংশ শুনতে পাচ্ছ। ঘুম নিয়ে করা কিছু গবেষণায় দেখা গেছে, রেম ঘুমের সময় মানুষ যা বলে, তার সঙ্গে সেই মুহূর্তে দেখা স্বপ্নের মিল থাকে প্রায় ৮০ শতাংশ ক্ষেত্রে।
ম্যানিফেস্টেশন কী, জেন–জি কেন ইচ্ছা দিয়েই স্বপ্নপূরণ করতে চায়ঘুমন্ত মানুষকে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যায়
হ্যাঁ, পাওয়া যায়। ধরো, তোমার ভাই ঘুমের মধ্যে বিড়বিড় করছে। তুমি তাকে একটা প্রশ্ন করলে। অবাক হয়ে দেখবে, সে উত্তর দিচ্ছে! এটা কি সম্ভব?
গবেষণায় দেখা গেছে, ঘুমের মধ্যে কথা বলা মানুষের প্রায় অর্ধেকই অন্য কারও বলা কথা বা প্রশ্নের জবাব দিতে পারে। তবে এর মানে এই নয় যে ঘুমন্ত মানুষকে প্রশ্ন করে তার গোপন কথা জেনে ফেলা যাবে।
ঘুমের মধ্যে কথা বললেই মানুষ নিজের অজান্তে সব গোপন তথ্য বলে দেয়, এমন ধারণার পক্ষে বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। তাই কারও ঘুমের কথাকে তার মনের গোপন সত্য বলে ধরে নেওয়া ঠিক হবে না।
ঘুমের মধ্যে কথা বলা নিয়ে এখনো অনেক কিছু জানার বাকি। তবে গবেষকেরা মনে করেন, ঘুমের যেকোনো ধাপেই এমনটা ঘটতে পারে। যাঁরা ঘুমের মধ্যে কথা বলেন, তাঁদের ঘুমের ধরন অন্যদের চেয়ে কিছুটা আলাদা হতে পারে। একটি গবেষণায় দেখা গেছে, ঘুমের ঘোরে কথা না বলা ব্যক্তিদের তুলনায় কথা বলা ব্যক্তিরা রাতে দেড় ঘণ্টারও বেশি কম ঘুমান। তাঁদের রেম ঘুমের পরিমাণও প্রায় অর্ধেক ছিল। তবে একটি গবেষণার ফল থেকেই সবার ক্ষেত্রে একই কথা বলা যায় না।
স্বপ্ন হোক আকাশসমানশিশুরা ঘুমের মধ্যে বেশি কথা বলে কেন
বড়দের তুলনায় শিশুদের ঘুমের মধ্যে কথা বলার ঘটনা বেশি ঘটে। কেন এমন হয়, বিজ্ঞানীরা এখনো তা পুরোপুরি জানেন না। তবে একটি সম্ভাব্য কারণ হলো, শিশুদের গভীর ঘুমের একটি বিশেষ ধাপ তুলনামূলকভাবে বেশি থাকে। সেই ধাপের নাম স্লো-ওয়েভ নন-রেম ঘুম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ঘুমের পরিমাণ কমে আসে। তাই বড় হওয়ার সঙ্গে সঙ্গে ঘুমের মধ্যে কথা বলার ঘটনাও কমে যেতে পারে।
তবে তোমার ঘুমের মধ্যে কথা বলার অভ্যাস থাকলেই যে কোনো সমস্যা হয়েছে, তা কিন্তু নয়। বেশির ভাগ ক্ষেত্রেই এটি স্বাভাবিক। ঘুমের মধ্যে হাঁটা, আতঙ্কে চিৎকার করে ওঠা বা বিছানা ভিজিয়ে ফেলার মতো ঘটনাও অনেক শিশুর ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে কমে আসে। তবে এসব ঘটনা যদি তোমার ঘুম নষ্ট করে, তোমাকে ভয় পাইয়ে দেয় বা নিয়মিত সমস্যা তৈরি করে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। প্রয়োজন হলে ঘুম নিয়ে কাজ করেন—এমন বিশেষজ্ঞদের সাহায্য নিতে হবে।
বেশি ক্লান্ত থাকলে বাড়তে পারে ঘুমের মধ্য কথা
ঘুমের মধ্যে মানুষ কথা বলে কেন, তা এখনো বিজ্ঞানীরা পুরোটা ব্যাখ্যা করতে পারেননি। তবে একটি বিষয় তাঁরা জানেন, অতিরিক্ত ক্লান্ত থাকলে ঘুমের মধ্যে কথা বলা এবং এ ধরনের আরও কিছু ঘটনা বেশি ঘটতে পারে।
তাই রাতে ঘুমের মধ্যে বিড়বিড় করতে শুনলে খুব বেশি চিন্তা করার দরকার নেই। আর যদি নিজেই ঘুমের মধ্যে কথা বলো, তাতেও লজ্জা পাওয়ার কিছু নেই। তবে নিয়মিত পর্যাপ্ত ঘুম হচ্ছে কি না, সেদিকে খেয়াল রেখো। কারণ, ভালো ঘুম শুধু পরদিন চনমনে থাকার জন্য নয়, তোমার শরীর ও মস্তিষ্কের সুস্থতার জন্যও দরকার।
সূত্র: দ্য কনভার্সেশন
১,০০০ টাকা না লিখে পণ্যের দাম ৯৯৯ টাকা লেখে কেন

Source - www.kishoralo.com ↗