স্মার্টফোন, ই-রিডার কিংবা স্মার্টওয়াচÑপ্রতিটি ডিভাইস ব্যবহারের পরই ব্যাটারি চার্জ দেওয়ার প্রয়োজন হয়। তবে ভবিষ্যতে এই ঝামেলা থেকে মুক্তি মিলতে পারে। ঘরের ভেতরের আলো ব্যবহার করেই ডিভাইস সচল রাখার নতুন সৌরপ্রযুক্তি তৈরি করছে স্টার্টআপ প্রতিষ্ঠান রেডিয়ানএক্স।
প্রতিষ্ঠানটি পেরোভস্কাইট নামের বিশেষ উপাদান ব্যবহার করে নতুন ধরনের সৌরপ্যানেল তৈরি করেছে। তাদের দাবি, প্রচলিত সৌরপ্যানেলের তুলনায় ঘরের ভেতরের আলো থেকে বিদ্যুৎ সংগ্রহে এই প্রযুক্তি দ্বিগুণ কার্যকর। ফলে ই-রিডার, স্মার্ট সেন্সর ও পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য দীর্ঘ সময় চার্জ ছাড়াই চালানো সম্ভব হতে পারে। রেডিয়ানএক্সের সহপ্রতিষ্ঠাতা জশ ডগলাসের মতে, বাইরের সূর্যের আলো কিংবা ঘরের কৃত্রিম আলোÑউভয় উৎস থেকেই এই প্রযুক্তি শক্তি সংগ্রহ করতে পারে।
প্রতিষ্ঠানটির লক্ষ্য এমন ডিভাইস তৈরি করা, যেগুলো নিয়মিত চার্জ দেওয়া ছাড়াই চলতে পারবে। প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য সম্প্রতি ৫০ লাখ ডলারের বিনিয়োগ পেয়েছে রেডিয়ানএক্স। পাশাপাশি উৎপাদন লাইন তৈরিতে আরও ৪০ লাখ ডলার বিনিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির তৈরি ১ দশমিক ২ মিটার বাই শূন্য দশমিক ৬ মিটার সৌরপ্যানেলের কার্যকারিতা ২২ দশমিক ৩৩ শতাংশ বলে দাবি করা হয়েছে।
রেডিয়ানএক্স সৌরপ্রযুক্তির মাধ্যমে চার্জ ছাড়াই সচল রাখা যাবে ডিভাইস

প্যানেলটি মাত্র ০ দশমিক ৭ মিলিমিটার পুরু করা সম্ভব। ফলে বিভিন্ন আকারের ইলেকট্রনিক ডিভাইসে এটি ব্যবহার করা যাবে। তবে পেরোভস্কাইট প্রযুক্তির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। প্রচলিত সিলিকন সৌরপ্যানেলের তুলনায় এর উৎপাদন খরচ বেশি এবং স্থায়িত্ব নিয়েও চ্যালেঞ্জ রয়েছে। এসব সীমাবদ্ধতা কাটিয়ে বাণিজ্যিক উৎপাদনে যেতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
রেডিয়ানএক্সের পরিকল্পনা শুধু সৌরপ্যানেল বিক্রি নয়, বরং ডিভাইস নির্মাতাদের জন্য সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহব্যবস্থা তৈরি করা। ভবিষ্যতে ই-রিডার, কারখানার সেন্সর, রোবট ও স্মার্ট পরিধানযোগ্য যন্ত্রে এই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা রয়েছে। সফল হলে প্রতিদিন ডিভাইস চার্জ দেওয়ার প্রচলিত অভ্যাসে বড় পরিবর্তন আসতে পারে। তবে প্রযুক্তিটি এখনো বাণিজ্যিকভাবে ব্যাপক ব্যবহারের পর্যায়ে পৌঁছায়নি।
The post রেডিয়ানএক্স সৌরপ্রযুক্তির মাধ্যমে চার্জ ছাড়াই সচল রাখা যাবে ডিভাইস appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗