Bangladesh · 2026-11-10 08:00:00

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-কানাডায় পড়তে চান, জেনে নিন এই ৬ পরামর্শ

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-কানাডায় পড়তে চান, জেনে নিন এই ৬ পরামর্শ
বিদেশে উচ্চশিক্ষার জন্য শুধু বিশ্ববিদ্যালয়ের যোগ্যতা পূরণ ও আবেদনপত্র জমা দিলেই হয় না। ভর্তিপ্রক্রিয়ায় নিজের যোগ্যতা, অর্জন, আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনা যথাযথভাবে তুলে ধরাও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার আবেদন আকর্ষণীয় করে তুলতে ছয়টি পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান আইডিপি এডুকেশন।
১. ভালো একাডেমিক ফলাফল তুলে ধরুন
বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনে শিক্ষার্থীর একাডেমিক ফলাফল গুরুত্বপূর্ণ। ধারাবাহিক ভালো ফলাফল, সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান, প্রাসঙ্গিক কোর্স ও সনদের বিষয়গুলো আবেদনে তুলে ধরতে হবে। এ জন্য নম্বরপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ডিগ্রি সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হবে।
২. আকর্ষণীয় ‘স্টেটমেন্ট অব পারপাস’ লিখুন
বিদেশে উচ্চশিক্ষার আবেদনে স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে শিক্ষার্থীর একাডেমিক আগ্রহ, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা এবং নির্দিষ্ট কোর্স ও বিশ্ববিদ্যালয় বেছে নেওয়ার কারণ স্পষ্টভাবে তুলে ধরতে হবে।
এসওপিতে নিজের গবেষণা, প্রকল্প, অ্যাপ তৈরি বা ব্যক্তিগত উদ্যোগের অভিজ্ঞতা তুলে ধরা যেতে পারে। শুধু অর্জনের তালিকা না দিয়ে এসব অভিজ্ঞতা কীভাবে নিজের আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনাকে প্রভাবিত করেছে, তা ব্যাখ্যা করা প্রয়োজন।
৩. সহশিক্ষা কার্যক্রম ও নেতৃত্বের অভিজ্ঞতা তুলে ধরুন
পড়াশোনার বাইরের কার্যক্রমও ভর্তির আবেদনে গুরুত্ব পেতে পারে। খেলাধুলা, শিল্প-সংস্কৃতি, স্বেচ্ছাসেবা, উদ্যোক্তা কার্যক্রম কিংবা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরা যেতে পারে।
এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীর নেতৃত্বের দক্ষতা, দলগতভাবে কাজ করার সক্ষমতা এবং উদ্যোগ নেওয়ার মানসিকতা বোঝা যায়।
দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসায় পরিবর্তন, পড়া শেষে তিন বছর থাকার সুযোগ৪. সুপারিশপত্র সংগ্রহে গুরুত্ব দিন
বিদেশে উচ্চশিক্ষার আবেদনে শিক্ষক, অধ্যাপক বা পরামর্শকের কাছ থেকে সুপারিশপত্র (লেটার অব রেকমেন্ডেশন) নিতে হয়। যাঁরা শিক্ষার্থীর একাডেমিক দক্ষতা, ব্যক্তিগত বৈশিষ্ট্য ও কাজের ধরন সম্পর্কে ভালো জানেন, তাঁদের কাছ থেকে সুপারিশপত্র নেওয়া উচিত।
সুপারিশপত্রে শুধু সাধারণ প্রশংসা নয়, শিক্ষার্থীর নির্দিষ্ট অর্জন, দক্ষতা ও কাজের উদাহরণ থাকলে তা বেশি কার্যকর হয়।
৫. কাজের অভিজ্ঞতা ও ইন্টার্নশিপের তথ্য দিন
স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট খাতে কাজের অভিজ্ঞতা আবেদনকে শক্তিশালী করতে পারে। তবে স্নাতক পর্যায়ের আবেদনকারীরাও ইন্টার্নশিপ, মাঠপর্যায়ের কাজ কিংবা খণ্ডকালীন চাকরির অভিজ্ঞতা তুলে ধরতে পারেন।
৬. প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে ও নির্ভুলভাবে আবেদন করুন
আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, এসওপি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের ভাষা, বিন্যাস ও উপস্থাপনায় পেশাদারত্ব বজায় রাখতে হবে। বানান ও ব্যাকরণগত ভুল এড়িয়ে প্রতিটি নথি নির্ধারিত নিয়মে তৈরি করা জরুরি।
প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা, আবেদনের শেষ তারিখ এবং নথি জমা দেওয়ার নিয়ম আগে থেকেই জেনে রাখা উচিত। ইংরেজি যাঁদের মাতৃভাষা নয়, তাঁদের ক্ষেত্রে গ্রহণযোগ্য ইংরেজি ভাষাদক্ষতা পরীক্ষায় ভালো স্কোর থাকাও ভর্তির যোগ্যতা প্রমাণে সহায়ক হতে পারে।
উচ্চমাধ্যমিকের পর কানাডায় উচ্চশিক্ষার সম্ভাবনা, প্রস্তুতি নেবেন কীভাবে

Source - www.prothomalo.com ↗