Bangladesh · 2026-11-10 09:41:07

মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণের পর যাত্রীবাহী বাসেও আগুন, আটক ৫

মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণের পর যাত্রীবাহী বাসেও আগুন, আটক ৫
মানিকগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার যাত্রীবাহী একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত (১০ নভেম্বর) সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় নবীন সিনেমা হলের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, বাসস্ট্যান্ড এলাকায় নবীন সিনেমা হলের সামনে পার্কিং করে রাখা স্বাধীনতা এক্সপ্রেসের একটি মিনিবাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে বাসটির বিভিন্ন অংশ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার পরপরই রাত ১টার দিকে পৌরসভার নওখন্ডা এলাকা থেকে সন্দেহভাজন পাঁচজনকে আটক করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে সোমবার সন্ধ্যার পর থেকে মানিকগঞ্জ শহরের জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের বাসভবন, পুলিশ ফাঁড়ি, বাসস্ট্যান্ড ও জাগীর ব্রিজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দফায় দফায় ১০টির বেশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া সাটুরিয়ার নয়াডিঙ্গী এলাকাতেও বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় জেলাজুড়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন বলেন, ‘সহিংসতার বিরুদ্ধে পুরো জেলাজুড়ে আমাদের গ্রেপ্তার অভিযান চলছে। আপাতত পাঁচজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’

তিনি আরও বলেন, নাশকতাকারীদের শনাক্ত করতে চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলের ওপর নজরদারি রাখা হচ্ছে। এরই অংশ হিসেবে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Source - www.bd24live.com ↗