তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশের আলিয়াগা এলাকায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নিহত ও আহত সবাই কারখানাটির শ্রমিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে দেশটির অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান হাবাস ডেমির সেলিক কারখানায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে আগুনের শিখা ও আকাশজুড়ে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়।
স্থানীয় গভর্নর সুলেইমান এলবান জানান, কারখানার একটি পুরোনো বয়লারের পরিবর্তে নতুন বয়লার স্থাপনের কাজ চলছিল। এ সময় বয়লার বহনকারী একটি ক্রেন ভেঙে পড়ে। এতে ক্রেনের বিভিন্ন অংশ ও মালামাল নিচে থাকা একটি চুল্লিতে পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।
তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রথমে ১৬ জনের মৃত্যুর খবর জানান। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিসোগলু জানান, গুরুতর আহতদের মধ্যে আরও একজন মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের এলাকা কেঁপে ওঠে। প্রথমে অনেকে ঘটনাটিকে ভূমিকম্প বলে মনে করেছিলেন।
কারখানা পরিচালনাকারী প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের একটি বৈদ্যুতিক আর্ক ফার্নেসে নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলাকালে দুর্ঘটনাটি ঘটে।
গভর্নর সুলেইমান এলবান আরও জানান, বিস্ফোরণে ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর প্রেসিডেন্ট এরদোয়ান হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন এবং ঘটনার তদন্ত চলছে বলে জানান। এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে বিবিসির তুর্কি সার্ভিস স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে।
উল্লেখ্য, তুরস্কে কর্মক্ষেত্রে দুর্ঘটনা দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। দেশটির স্বাধীন সংগঠন তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ কর্মক্ষেত্রে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিয়মিত উদ্বেগ প্রকাশ করে আসছে।
সূত্র: বিবিসি
Source - www.bd24live.com ↗