Bangladesh · 2026-11-10 08:53:01

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলা
সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলার ঘটনা ঘটেছে। দেশটির মদিনা অঞ্চলে সোমবার (৯ নভেম্বর) এ হামলা হয় বলে জানিয়েছে সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তবে হামলায় সীমিত অগ্নিকাণ্ড ঘটলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পাইপলাইনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

সোমবার সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, হামলার ফলে পাইপলাইনের একটি অংশে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ নিহত বা আহত হননি। তেল পরিবহনেও কোনো বিঘ্ন ঘটেনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন আরব উপদ্বীপের মরুভূমির মধ্য দিয়ে বিস্তৃত। গত সেপ্টেম্বরে ড্রোন হামলার পর কয়েক দিনের জন্য পাইপলাইনটি বন্ধ রাখতে হয়েছিল। ওই হামলার জন্য ইরাকি মিলিশিয়াদের দায়ী করেছিল সৌদি আরব।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ায় সৌদি আরব এই ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে ইয়ানবু বন্দরে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পাঠাচ্ছে। যা বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান।

বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক সৌদি আরবের জন্য পাইপলাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় প্রতিবেশী দেশগুলোর তেল রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হলেও বিকল্প এই রুটের মাধ্যমে সৌদি আরব তেল রপ্তানি অব্যাহত রাখতে পারছে।

নতুন হামলার পরও পাইপলাইনের কার্যক্রম স্বাভাবিক থাকার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের সূত্র। তবে হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Source - www.bd24live.com ↗