শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে ছাত্র ধর্মঘট পালনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য A K M Enamul Hoque Shameem এর ফেসবুক আইডিসহ বিভিন্ন আইডি থেকে লাইভে এসে তারা এ কর্মসূচি পালন করেন বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েক হাজার নেতাকর্মী নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে বৈঠা হাতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। প্রায় এক ঘণ্টা ধরে টোলপ্লাজার কার্যক্রম বন্ধ রেখে তারা অবস্থান করেন বলে ভিডিওগুলোতে দেখা যায়। এতে দুইপাশে যানবাহন আটকে থাকে।
পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর

এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এসব বিস্ফোরণ কারা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
ভিডিওতে আন্দোলনকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং শরীয়তপুর -২ আসনের সংসদ সদস্য একে এম এনামুল হক শামীম ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
বিভিন্ন ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচার করা এসব ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় বিপুলসংখ্যক মানুষের অবস্থান ও যান চলাচল ব্যাহত হওয়ার দৃশ্য দেখা যায়।
এদিকে চারদিক থেকে অবরোধে নেতাকর্মীরা আসা শুরু করলে পদ্মা সেতুর দক্ষিণ থানার প্রধান গেট তালা মেরে ভেতরে অবস্থান নেন পুলিশ সদস্যরা। এছাড়া থানার কোন কর্মকর্তাও ফোন রিসিভ করেননি। তাই এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আব্দুস সালামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
Source - www.bd24live.com ↗