Bangladesh · 2026-11-10 09:26:30

ত্রিশালে অনুমোদনহীন সেই ভবনে আবারও চলছে নির্মাণকাজ

ত্রিশালে অনুমোদনহীন সেই ভবনে আবারও চলছে নির্মাণকাজ
ত্রিশালে যথাযথ কর্তৃপক্ষের নকশা অনুমোদন ছাড়াই সাততলা বাণিজ্যিক ভবন নির্মাণের দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল ভবন মালিক প্রদীপ মোদককে। গত ১৫ জুলাই এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

তবে জরিমানার কয়েক মাস না পেরোতেই একই ভবনে আবারও নির্মাণকাজ শুরু হয়েছে। এ ঘটনায় ভবনটির নকশা অনুমোদন নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। পৌর এলাকার বাসিন্দা প্রদীপ মোদক। যথাযথ কর্তৃপক্ষের নকশা অনুমোদন ছাড়াই তিনি এ ভবন নির্মাণ শুরু করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করলেও সম্প্রতি ভবনটিতে নতুন করে কাজ শুরু করায় প্রশ্ন উঠেছে অনুমোদন মিলেছে কিভাবে?

ভবন মালিক প্রদীপ মোদকের দাবি, অনুমতি নিয়েই তিনি নির্মাণকাজ শুরু করেছেন। তবে অনুমোদনের পক্ষে কোনো লিখিত কাগজপত্র দেখাতে পারেননি তিনি। এদিকে ভবনটির অনুমোদন ও নির্মাণকাজ পুনরায় শুরুর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বড় অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে অনিয়ম আড়াল করার গুঞ্জনও ছড়িয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট চক্রটি আর্থিক সুবিধার বিনিময়ে নিয়মবহির্ভূত নির্মাণকাজকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।

এ বিষয়ে পৌরসভার নকশাকারক আরেফিন জনি বলেন, লিখিত নয়, সাবেক প্রশাসক ও ইউএনও আরফাত সিদ্দিকী মৌখিকভাবে অনুমোদন দিয়েছেন। অন্যদিকে পৌর প্রকৌশলী লুৎফুল ইসলাম বলেন, ভবনটির অনুমোদন দেওয়া হয়েছে। সে কারণেই মালিক নির্মাণকাজ শুরু করেছেন। তবে কে কবে অনুমোদন দিয়েছেনÑ এমন প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি তিনি। তার ভাষ্য, সর্বশেষ অনুমোদনসংক্রান্ত সভায় মৌখিক আলোচনা হয়েছিল, ভবন মালিক প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিলে অনুমোদন পাবেন।

এ বিষয়ে পৌর বিসি কমিটির অন্যতম কারিগরি সদস্য ও ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, প্রদীপ মোদকের ভবনে প্রয়োজনীয় ফায়ার সেফটি ব্যবস্থা পূর্ণাঙ্গ না থাকায় তারা অনুমোদন দিতে পারেননি। গত ১৫ জুলাই ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরবর্তী সময়ে এ বিষয়ে বিসি কমিটির আর কোনো সভা অনুষ্ঠিত হয়নি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সদস্যসচিব পরিকল্পনাবিদ ফাহিম আহম্মেদ ম-ল বলেন, বিসি কমিটিকে পাশ কাটিয়ে ভবনের অনুমোদন দেওয়ার কোনো সুযোগ নেই। পরিকল্পিত ও বাসযোগ্য ত্রিশাল গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের অবৈধ কার্যক্রম মারাত্মক অন্তরায়। যথাযথ অনুমোদন ও আইনি প্রক্রিয়া পাশ কাটিয়ে বহুতল ভবন নির্মাণ করা স্পষ্টত আইনের লঙ্ঘন ও সুশাসনের প্রতি অনীহার বহিঃপ্রকাশ।

পৌর প্রশাসক ও ইউএনও মিজ হাসনাত জাহান খান বলেন, কমিটির সভা ছাড়া মৌখিকভাবে কোনো ভবনের অনুমোদন দেওয়ার সুযোগ নেই। এ জন্য নথিপত্র যাচাই করে দেখতে হবে। একই ভবনের অনুমোদন নিয়ে ভবন মালিক, নকশাকারক ও প্রকৌশলীর বক্তব্যে ভিন্নতা থাকায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে।

The post ত্রিশালে অনুমোদনহীন সেই ভবনে আবারও চলছে নির্মাণকাজ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗