Bangladesh · 2026-11-10 10:00:00

পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ গাছের জন্য এআই সহায়তায় খোঁজা হচ্ছে সঙ্গী

পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ গাছের জন্য এআই সহায়তায় খোঁজা হচ্ছে সঙ্গী
উদ্ভিদবিজ্ঞানীদের কাছে ‘উডস সাইক্যাড’ খুব চমৎকার একটি গাছ। এটি বেশ লম্বা হয়। এর মাথায় থাকে ঘন সবুজ পাতা আর উজ্জ্বল কমলা রঙের ফল। বিজ্ঞানীরা একে ডাকেন এনসেফালারটোস উডিআই (Encephalartos woodii) নামে। গাছটির দেখা পাওয়া যায় আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশের ডারবান শহরে অবস্থিত ডারবান বোটানিক গার্ডেনে। সেখানে ঘুরতে আসা দর্শনার্থীদের গাইড যখন এই গাছের সামনে নিয়ে যান, তখন তিনি সবাইকে বলেন, ‘পৃথিবীতে এর মতো এত একা গাছ আর একটিও নেই।’
১৮৯৫ সালে জুলুল্যান্ডের একটি বনে গাছটি প্রথম পাওয়া যায়। এটি এই জাতের একমাত্র বেঁচে থাকা গাছ এবং এটি একটি পুরুষ উদ্ভিদ। কোনো স্ত্রী গাছ না থাকায় এটি কখনোই প্রাকৃতিকভাবে নতুন বীজ তৈরি করতে পারবে না। তবে এর ছোট ডাল বা অংশ কেটে ক্লোন করে নতুন চারা তৈরি করা সম্ভব হয়েছে। গাছটিকে চোরের হাত থেকে বাঁচাতে চারপাশে ক্যামেরা বসানো হয়েছে।
ম্যানিফেস্টেশন কী, জেন–জি কেন ইচ্ছা দিয়েই স্বপ্নপূরণ করতে চায়যেভাবে গল্পের শুরু
১৮৯৫ সালে দক্ষিণ আফ্রিকার উদ্ভিদবিজ্ঞানী জন মেডলি উড এনগোয়ে বনে একটি পুরুষ উডস সাইক্যাড খুঁজে পান। তাঁর নামানুসারেই গাছটির নামকরণ করা হয়।
উড আরও গাছের সন্ধানে তল্লাশি চালালেও আর কোনোটির দেখা পাননি। উদ্ভিদবিজ্ঞানীরা সেই একমাত্র গাছটি থেকে কিছু অংশ ও কাণ্ড সংগ্রহ করে বোটানিক্যাল গার্ডেনে সেগুলোর বংশবিস্তার ঘটান। ফলে কেবল পুরুষ গাছের একটি সংখ্যা গড়ে ওঠে। এগুলোর মধ্যে একটি গাছ ১৮৯৯ সালে লন্ডনের রয়্যাল বোটানিক গার্ডেনস, কিউতে পৌঁছায় এবং ১২৫ বছর ধরে সেখানেই একা টিকে আছে।
বর্তমানে উডস সাইক্যাড বন্য পরিবেশে বিলুপ্ত বলে গণ্য হয়। চোরাশিকারিদের হাত থেকে রক্ষা করতে এই একা পুরুষ গাছটির ক্লোনগুলোকে প্রায়ই কঠোর নিরাপত্তার মধ্যে তালাবদ্ধ করে রাখা হয়।
যে দেশে বারান্দায় কাপড় শুকানো নিষিদ্ধ, ভুল করলেই বড় জরিমানাডাইনোসরের যুগের গাছ বিলুপ্তির পথে
সাইক্যাড–জাতীয় গাছগুলো দেখতে অনেকটা কাঁটাযুক্ত পামগাছের মতো। এদের ফলগুলো দেখতে আনারসের মতো দেখায়। এরা ডাইনোসরের যুগ থেকে পৃথিবীতে টিকে আছে। তবে দুঃখের বিষয় হলো, এদের অনেক প্রজাতি হয়তো আর বেশিদিন টিকে থাকবে না। পরিবেশবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) জানিয়েছে, এগুলো এখন বিশ্বের সবচেয়ে বিপন্ন উদ্ভিদের দল।
সাইক্যাড উদ্ভিদগোষ্ঠী অনেক আগে থেকেই পৃথিবীতে টিকে আছে। এদের প্রথম আবির্ভাব ঘটেছিল প্রায় ৩০ কোটি বছর আগে। ডাইনোসরদের পৃথিবীতে আসার প্রায় ৭ কোটি বছর আগে। সেই সময়ে এই গাছগুলো প্রচুর সংখ্যায় ছিল এবং বেশ ভালোভাবে টিকে ছিল।
তবে এখন দক্ষিণ আফ্রিকার সাইক্যাডগুলো সবচেয়ে বেশি বিপদের মধ্যে আছে। কারণ এগুলোর বেশির ভাগই পৃথিবীর অন্য কোথাও জন্মায় না। যদিও এগুলো কেনাবেচা বন্ধে কঠোর আইন আছে, তা–ও কাজ হচ্ছে না। অদ্ভুত ব্যাপার হলো, যারা এই গাছগুলোকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তারাই এদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছেন। অনেকে নিজের ব্যক্তিগত বাগান সাজাতে এগুলো চুরি করে কিনে নেন। শত বছর ধরে ধীরে ধীরে বড় হওয়া একটি সাইক্যাড গাছ হাজার হাজার ডলারে বিক্রি হয়। সেখানে মানুষ এগুলোকে নিজেদের বড়লোক বা অভিজাত হিসেবে জাহির করার উপায় মনে করে।
নিউজিল্যান্ডের উপকূলে ৪৫টি পাইলট তিমি আটকে পড়ল কেনচোরাকারবারিদের নজর
গণ্ডারের মতো অন্যান্য বিপন্ন প্রাণীর কথা সবাই জানলেও, এই গাছগুলোর বিপদের কথা অনেকেই জানেন না। দক্ষিণ আফ্রিকার ৩৮টি সাইক্যাড প্রজাতির মধ্যে ২৫টিই বিলুপ্তির মুখে পড়েছে। ২০০৩ সালের পর থেকে দুনিয়া থেকে এদের দুটি প্রজাতি বন্য পরিবেশ থেকে পুরোপুরি হারিয়ে গেছে। এই দুটি গাছই ছিল দক্ষিণ আফ্রিকার।
বনে এসব গাছ কমে যাওয়ায় চোরাকারবারিরা এখন সুরক্ষিত সরকারি বাগানেও হানা দিচ্ছে। ২০১৪ সালে কেপ টাউনের কার্স্টেনবশ বোটানিক্যাল গার্ডেন থেকে এক মাসের মধ্যে দুইবার চোরেরা হানা দেয়। তারা মাটি থেকে উপড়ে দুই ডজনের বেশি দুর্লভ সাইক্যাডগাছ চুরি করে নিয়ে যায়।
গাছ বাঁচাতে চোর-পুলিশ খেলা
সাইক্যাডগাছ চুরি ঠেকাতে গাছে মাইক্রোচিপ বসানো হয়েছিল। কিন্তু চোরেরা এক্স–রে স্ক্যানার ব্যবহার করে সেই চিপ খুঁজে বের করে এবং হ্যাক করে ফেলে। তাই এখন চারাগুলোতে একধরনের বিশেষ ‘মাইক্রোডট পেইন্ট’ স্প্রে করা হচ্ছে।
এতে গাছে অদৃশ্য একটি ছাপ তৈরি হয়, যা দেখে বোঝা যায় গাছটি কোথা থেকে এসেছে। এ ছাড়া ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব কেন্টের গবেষকেরা গাছে এমন এক ধরনের রেডিও ট্যাগ ব্যবহার করছেন, যা চোরেরা গাছ কাটতে এলেই সংকেত পাঠাবে এবং জিপিএস দিয়ে গাছের সঠিক অবস্থান জানিয়ে দেবে।
বিরল পাখি ভুজঙ্গের নাম সাপের নামে কেনচোর ধরা কেন এত কঠিন
অবৈধভাবে গাছ কেনাবেচা বন্ধ করা খুব একটা সহজ কাজ নয়। চোরেরা চুরির পর গাছের সব পাতা কেটে ফেলে। ফলে আসল ও বিপন্ন সাইক্যাড গাছের গুঁড়ি চেনা খুব কঠিন হয়ে পড়ে। তাই গাছগুলো সহজে চেনার জন্য ডিএনএ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
এ ছাড়া গাছের রাসায়নিক পরীক্ষা করে এটিও বোঝার চেষ্টা চলছে যে গাছটি বন থেকে চুরি করা হয়েছে, নাকি বাগানে তৈরি। অন্যদিকে, পুলিশ যাতে সহজেই এক গাছের প্রজাতির সঙ্গে অন্য গাছের প্রজাতির পার্থক্য বুঝতে পারে, তার জন্য পাতাকুঁড়ির ছবিসহ একটি বিশেষ অ্যাপ তৈরি করা হয়েছে।
হর্টিকালচারিস্ট ফাকামানি জাবা বলেন, সাইক্যাডের কিছু প্রজাতিকে হয়তো আর কখনোই বাঁচানো সম্ভব হবে না। তিনি আফসোস করে জানান যে চোর বা সংগ্রাহকেরা প্রায় কখনোই ধরা পড়ে না। যারা দুর্লভ জিনিস সংগ্রহ করতে ভালোবাসেন, তাঁদের কাছে এই গাছগুলো যত বিরল বা দুর্লভ হয়, পাওয়ার লোভ তত বাড়ে।
ফেসবুকে মমি বিক্রি হচ্ছে, কিনলে কী হবেএআইয়ের সাহায্যে সবচেয়ে একা উদ্ভিদের সঙ্গী খোঁজার চেষ্টা
বর্তমানে বিজ্ঞানীরা দক্ষিণ আফ্রিকার একটি বনে এই প্রজাতির একটি দুর্লভ স্ত্রী গাছ খুঁজে বের করার চেষ্টা করছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিজ্ঞানীরা বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ গাছের একাকিত্ব দূর করার চেষ্টা করছেন। তাঁরা চাইছেন এর জন্য একটি সঙ্গী খুঁজে পেতে। এই নতুন উদ্যোগটি উডস সাইক্যাড প্রজাতির একটি দুর্লভ স্ত্রী গাছ খুঁজে পেতে সাহায্য করতে পারে।
বর্তমানে টিকে থাকা সব উডস সাইক্যাড গাছই পুরুষ। ক্লোনিংয়ের মাধ্যমে এগুলো থেকে আরও পুরুষ গাছ তৈরি করা সম্ভব। কিন্তু প্রাকৃতিকভাবে বংশবৃদ্ধির জন্য এবং এই বিলুপ্তপ্রায় প্রজাতিকে পুরোপুরি বাঁচিয়ে রাখতে পুরুষ ও স্ত্রী উভয় ধরনের গাছেরই প্রয়োজন।
বরফ কীভাবে পানীয় ঠান্ডা করেখড়ের গাদায় সুঁই খোঁজার মতো কাজ
বিশাল বনের মধ্যে একটিমাত্র স্ত্রী উডস সাইক্যাড গাছ খুঁজে বের করা সত্যিই খড়ের গাদায় সুঁই খোঁজার মতোই কঠিন। আর এই কঠিন কাজটি সহজ করতে গবেষকরা এখন এআইয়ের সাহায্য নিচ্ছেন।
গবেষকেরা ড্রোনের সাহায্যে পুরো বনের ছবি তুলেছেন। ২০২২ ও ২০২৪ সালে তোলা এই হাজার হাজার ছবি বিশ্লেষণ করার জন্য তারা একটি বিশেষ ছবি শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করছেন। ড্রোনগুলো দক্ষিণ আফ্রিকার এনগোয়ে বনের প্রায় ১৯৫ একর জায়গাজুড়ে উড়ে উড়ে ছবি তুলেছে। এই জায়গাটি আয়তনে প্রায় ১৪৮টি ফুটবল মাঠের সমান।
বনের শত শত গাছের ভিড় থেকে উডস সাইক্যাডগাছকে আলাদা করে চেনার জন্য বিজ্ঞানীরা একটি বিশেষ এআই মডেলকে প্রশিক্ষণ দিয়েছেন। এখন পর্যন্ত কোনো স্ত্রী গাছ খুঁজে পাওয়া না গেলেও বিজ্ঞানীরা হাল ছাড়েননি।
তাঁরা এই এআই প্রযুক্তিকে আরও উন্নত করার কাজ চালিয়ে যাচ্ছেন। প্রকল্পের প্রধান লরা সিন্টি বলেন, এই গাছের গল্প আমাকে খুব অনুপ্রাণিত করেছে। আমার বিশ্বাস, কোথাও না কোথাও ঠিকই একটি স্ত্রী গাছ লুকিয়ে আছে। কারণ অতীতে তো এদের অস্তিত্ব অবশ্যই ছিল।
সূত্র: স্মিথসোনিয়ান ম্যাগাজিন, ইকোনমিকস ডটকম, কিউ গার্ডেন
অভিমানেই অবসর, তবুও রোনালদো অমলিন

Source - www.kishoralo.com ↗