Bangladesh · 2026-11-10 10:00:00

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কখন ঘুমাতে যাবেন?

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কখন ঘুমাতে যাবেন?
প্রতিদিনই দেরি করে ঘুমাতে যাওয়ার এই অভ্যাস যে রক্তচাপের ওপরও প্রভাব ফেলতে পারে, তা কি জানেন? উচ্চ রক্তচাপকে বলা হয় নীরব ঘাতক। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই উচ্চ রক্তচাপ শরীরের ক্ষতি করতে থাকে। হৃদ্‌রোগ ও স্ট্রোকের অন্যতম ঝুঁকির কারণ এই উচ্চ রক্তচাপ।
রাতে বিছানায় শুয়ে মুঠোফোনে রিল দেখতে দেখতে কখন যে এক-দুই ঘণ্টা পেরিয়ে যায়, টেরই পাওয়া যায় না। অথচ সকালে আবার উঠতে হবে তাড়াতাড়ি। কিন্তু প্রতিদিনই দেরি করে ঘুমাতে যাওয়ার এই অভ্যাস যে রক্তচাপের ওপরও প্রভাব ফেলতে পারে, তা কি জানেন? উচ্চ রক্তচাপকে বলা হয় নীরব ঘাতক। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই উচ্চ রক্তচাপ শরীরের ক্ষতি করতে থাকে। হৃদ্‌রোগ ও স্ট্রোকের অন্যতম ঝুঁকির কারণ এই উচ্চ রক্তচাপ। চলুন, জেনে নিই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কখন ঘুমাতে যাওয়া ভালো?
রক্তচাপের সঙ্গে ঘুমের সম্পর্ক কী?
আমাদের শরীর চলে একটি নিজস্ব ঘড়ির নিয়মে। চিকিৎসকেরা একে বলেন সার্কেডিয়ান রিদম বা দেহঘড়ি। প্রায় ২৪ ঘণ্টার এই ছন্দ অনুযায়ী শরীরের তাপমাত্রা, ক্ষুধা, হজম, হরমোন নিঃসরণ ও ঘুম নিয়ন্ত্রিত হয়। রক্তচাপও এই দেহঘড়ির ব্যতিক্রম নয়।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ডের পুষ্টিবিদ ব্র্যানন ব্লাউন্টের মতে, ঘুম থেকে ওঠার পর সাধারণত রক্তচাপ বাড়তে শুরু করে। দিনের বিভিন্ন সময়ে তা ওঠানামা করে। আবার ঘুমের সময় রক্তচাপ কমে যায়।
অর্থাৎ শরীরের বিশ্রামের সময় হৃদ্‌যন্ত্রও কিছুটা স্বস্তি পায়। কিন্তু ঘুমানোর সময়টা বদলে গেলে শরীরের এই স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটতে পারে। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে পুষ্টিবিজ্ঞানে স্নাতক করা পুষ্টিবিদ মিশেল রাউথেনস্টেইন বলেন, অনিয়মিত সময়ে ঘুমানো রক্তচাপের স্বাভাবিক ওঠানামাকে প্রভাবিত করতে পারে। তাই প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার অভ্যাস গুরুত্বপূর্ণ।
ঘুমের সময় রক্তচাপ কমে কেন?
দিনভর হৃদ্‌যন্ত্রকে রক্ত সঞ্চালনের জন্য কাজ করতে হয়। কিন্তু ঘুমের সময় শরীর বিশ্রামে গেলে রক্তচাপও সাধারণত কমে আসে। একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘নকটার্নাল ডিপিং’।
মিশেল রাউথেনস্টেইনের মতে, ঘুমের সময় রক্তচাপ সাধারণত ১০ থেকে ২০ শতাংশ কমে যায়। এতে হৃদ্‌যন্ত্র ও রক্তনালিগুলো কিছুটা কম চাপের মধ্যে কাজ করার সুযোগ পায়। তবে সবার ক্ষেত্রে এমনটি না-ও ঘটতে পারে। কারও কারও ঘুমের সময় রক্তচাপ প্রত্যাশিত মাত্রায় কমে না। একে বলা হয় ‘নন-ডিপিং’। গবেষণায় এ অবস্থার সঙ্গে হার্ট অ্যাটাক, স্ট্রোক ও হার্ট ফেইলিউরের মতো হৃদ্‌রোগের জটিলতার ঝুঁকি বেশি থাকার সম্পর্ক পাওয়া গেছে।
তবে শুধু বেশি ঘুমালেই যে রক্তচাপের এই স্বাভাবিক ওঠানামা নিশ্চিত হবে, এমন নয়। নিয়মিত ঘুম, স্বাস্থ্যকর জীবনযাপন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়াও জরুরি।
নিয়মিত কম ঘুমালে শরীরের স্বাভাবিক পুনরুদ্ধার প্রক্রিয়া ব্যাহত হতে পারেরাত জাগার অভ্যাস কতটা ক্ষতিকর?
রাত জেগে কাজ করা, মুঠোফোন দেখার অভ্যাস অনেকেরই আছে। মাঝেমধ্যে এমন হলে হয়তো বড় সমস্যা নেই। কিন্তু নিয়মিত কম ঘুমালে শরীরের স্বাভাবিক পুনরুদ্ধার প্রক্রিয়া ব্যাহত হতে পারে।
ঘুমের সময় হৃৎস্পন্দন ধীর হয়, রক্তনালি শিথিল হয় এবং রক্তচাপ কমে আসে। পর্যাপ্ত ঘুম না হলে এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।
সিঙ্গাপুরের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ দেবিন্দর সিংয়ের মতে, অনিয়মিত ঘুমের অভ্যাস শরীরের কোষের স্বাভাবিক কাজেও ব্যাঘাত ঘটাতে পারে। শিফটিং ডিউটি, জেট ল্যাগ কিংবা স্বাভাবিক সময়ের বিপরীতে ঘুমানোর অভ্যাস শরীরের স্নায়ুতন্ত্রকে বেশি সক্রিয় করে তুলতে পারে। এতে রক্তনালির কার্যকারিতা ব্যাহত হয়, পাশাপাশি হৃৎপিণ্ডের দেয়ালও শক্ত হয়ে যায়।
শুধু কম ঘুম নয়, অতিরিক্ত ঘুমও ভালো নয়। গবেষণায় নিয়মিত ৯ ঘণ্টার বেশি ঘুমানোর সঙ্গে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ার সম্পর্ক পাওয়া গেছে। তাই ঘুমের সময় কমানো বা বাড়ানোর বদলে প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমানোর অভ্যাস গড়ে তোলা ভালো।
ঘুমের সময় লালা পড়লে কী করবেনতাহলে কখন ঘুমাতে যাবেন?
রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঘুমাতে যাওয়ার পক্ষে কিছু গবেষণার তথ্য আছে। এসব গবেষণায় দেখা গেছে, প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মধ্যে যাঁরা নিয়মিত এই সময়ের মধ্যে ঘুমিয়ে পড়েন, তাঁদের হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক কম হতে পারে। অন্যদিকে যাঁরা মধ্যরাতের পর ঘুমাতে যান, তাঁদের ক্ষেত্রে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ার সম্পর্ক পাওয়া গেছে।
তবে সবার দৈনন্দিন রুটিন এক নয়। কারও সকালে অফিস, কারও রাতে কাজ। তাই রাত ১০টা বা ১১টায় ঘুমাতেই হবে, এমন কোনো নিয়ম নেই।
বিশেষজ্ঞদের পরামর্শ হলো এমন সময় ঘুমাতে যান, যাতে প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমানোর সুযোগ থাকে। যেমন সকাল ৬টায় উঠতে হলে রাত ১০টার মধ্যে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিতে পারেন। আর সকাল ৭টায় উঠলে রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঘুমাতে যাওয়া ভালো।
শেষ কথা
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমানো জরুরি। তবে নিয়মিত রক্তচাপ ওঠানামা করলে বা উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
সূত্র: ইটিং ওয়েল
ঘুমের মধ্যে হঠাৎ মনে হয় পড়ে যাচ্ছেন, কেন এমন হয়

Source - www.prothomalo.com ↗