Bangladesh · 2026-11-10 11:06:46

ফরিদপুরে গভীর রাতে বাসে দুর্বৃত্তদের আগুন, চালক নিহত

ফরিদপুরে গভীর রাতে বাসে দুর্বৃত্তদের আগুন, চালক নিহত
ফরিদপুরে গভীর রাতে বাসে আগুন দেওয়ার ঘটনায় মো. কালাচাঁদ (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালাচাঁদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাসের চালক ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পরিবহন শ্রমিকদের ভাষ্য, রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর রাখা ছিল। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ বাসের ভেতর থেকে চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ জানান, রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম বলেন, রাতে কালাচাঁদ শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Source - www.bd24live.com ↗