Bangladesh · 2026-11-10 10:47:05

শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’, আবেগঘন বার্তা নির্মাতা অমির

শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’, আবেগঘন বার্তা নির্মাতা অমির
তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় দীর্ঘদিন ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসছে সিরিয়ালটি। তবে এবার শেষ হতে যাচ্ছে দর্শকপ্রিয় এই ধারাবাহিকের পথচলা। ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর সমাপ্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা অমি।

সোমবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে ধারাবাহিকটির শেষ দিনের শুটিং। এর মধ্য দিয়ে পর্দায় ‘ব্যাচেলর পয়েন্ট’-এর দীর্ঘ যাত্রার ইতি ঘটতে যাচ্ছে।

সমাপ্তির ঘোষণার পর থেকেই মন খারাপ নির্মাতা কাজল আরেফিন অমি থেকে শুরু করে সিরিয়ালটির লাখো ভক্তের। অমির দীর্ঘ ক্যারিয়ারে এমন অভিজ্ঞতা এবারই প্রথম। শেষ সময়ের শুটিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি জানিয়েছেন, জীবনে প্রথমবারের মতো শুটিংয়ে যেতে ইচ্ছা করছে না তাঁর।

অমি লেখেন, ‘জীবনে প্রথমবারের মতো শুটিংয়ে যেতে ইচ্ছা করছে না। কারণ, মনে হচ্ছে শুটিংয়ে গেলেই সব শেষ হয়ে যাবে। ব্যাচেলর পয়েন্ট শুধু একটি ধারাবাহিক নয়, এটি আমার জীবনের বড় একটি অংশ। আমি ব্যাচেলর পয়েন্টেই বাস করি।’

এর আগে ধারাবাহিকটির পঞ্চম সিজনের ১৬তম চ্যাপ্টার মুক্তি পেয়েছে। তবে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির শেষ চ্যাপ্টারটি কবে দর্শকদের সামনে আসবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানাননি নির্মাতা।

সিরিয়ালটির জনপ্রিয়তার অন্যতম কারণ এর বিচিত্র সব চরিত্র। বিভিন্ন আইকনিক চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম ও শামীম হাসান সরকার।

এ ছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুসাফির সৈয়দ বাচ্চু ও অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে।

উল্লেখ্য, ২০১৭ সালের নভেম্বরে ছোট পরিসরে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের যাত্রা শুরু করেন নির্মাতা কাজল আরেফিন অমি। প্রায় নয় বছরের পথচলায় সিরিয়ালটি পেরিয়েছে চারটি সিজন। এবার ১৭তম চ্যাপ্টারের মধ্য দিয়ে জনপ্রিয় এই ধারাবাহিকের পঞ্চম সিজনের সমাপ্তি ঘটতে যাচ্ছে বলে জানা গেছে।

Source - www.bd24live.com ↗