নড়াইলের লোহাগড়া উপজেলায় সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর মো. আজিবর শেখ (৪৫) নামে এক ভ্যানচালকের মরদেহ রশি দিয়ে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা মোল্যার মাঠ সংলগ্ন একটি বাড়ির ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আজিবর শেখ লোহাগড়া উপজেলার সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের ওসি মো. শরিফুল ইসলাম। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, ভ্যানচালক আজিবর শেখ গতকাল সোমবার সন্ধ্যায় তার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে ফিরে না আসলে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে সন্ধান পাননি। পরে রাত দেড়টার দিকে মোল্যার মাঠের কোণায় পরিত্যক্ত অবস্থায় ভ্যানটি পাওয়া যায়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মোল্যার মাঠের পাশে অবস্থিত একটি বাড়ির ছাদ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি মো. শরিফুল ইসলাম বলেন, ভ্যানচালক আজিবরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।
নড়াইলে বাড়ির ছাদ থেকে হাত বাঁধা ভ্যানচালকের মরদেহ উদ্ধার

The post নড়াইলে বাড়ির ছাদ থেকে হাত বাঁধা ভ্যানচালকের মরদেহ উদ্ধার appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗