দেশব্যাপী ছাত্রধর্মঘট পালনের ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে লগি-বৈঠা নিয়ে বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন। একপর্যায়ে তাঁরা সেখানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও তাঁদের সঙ্গে যোগ দেন। এ সময় লগি-বৈঠা নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে বিপুলসংখ্যক নেতা-কর্মী লগি-বৈঠা নিয়ে টুঙ্গিপাড়া মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।
গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে মিছিল, পুলিশের গাড়িতে আগুন

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
এদিকে ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে সোমবার রাতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের ঘটনা ঘটে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটান। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ছাড়া শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। অন্যদিকে কোটালীপাড়ায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, সোমবার রাতে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
Source - www.bd24live.com ↗