Bangladesh · 2026-11-10 12:15:30

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে পদ্মা সেতু দক্ষিণ থানা-পুলিশ। পুলিশের ধারণা, মঙ্গলবার (১০ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের খাবার হিসেবে এসব খিচুড়ি সরবরাহের পরিকল্পনা ছিল।

সোমবার (৯ নভেম্বর) রাতে নাওডোবা বাজারের সুলতান কাজীর দোকানে অভিযান চালিয়ে এসব খিচুড়ি জব্দ করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ১০ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি উপলক্ষে নেতাকর্মীদের খাবার সরবরাহের জন্য এসব খিচুড়ি মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে বিপুল পরিমাণ রান্না করা খাবার দোকানে রাখার উদ্দেশ্য নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ গণমাধ্যমকে বলেন, পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচিতে এসব খাবার ব্যবহার করা হতো।

তিনি আরও বলেন, খিচুড়ির প্রকৃত মালিক পাওয়া গেলে যাচাই-বাছাই করে সেগুলো তাদের বুঝিয়ে দেওয়া হবে। অন্যথায় স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হবে।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পদ্মা সেতু দক্ষিণ থানা শাখার সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম সুমন, যুবদল নেতা আলতাফ চোকদার, বাজার কমিটির সাধারণ সম্পাদক নূরমোহাম্মদ হাওলাদারসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তবে জব্দ করা খিচুড়ির প্রকৃত মালিক কে এবং কী উদ্দেশ্যে সেগুলো মজুত করা হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

Source - www.bd24live.com ↗