ইরানের সঙ্গে চলমান যুদ্ধ সামরিকভাবে কার্যত শেষ হয়ে গেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সংঘাতের অবসানে একটি চুক্তিতে পৌঁছানোর ‘ভালো সম্ভাবনা’ রয়েছে বলেও আশাবাদ প্রকাশ করেছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে এক আকস্মিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। তিনি জানান, ইরান যুক্তরাষ্ট্রের আলোচকদের সঙ্গে ‘খুব ভদ্রভাবে’ কথা বলছে।
ট্রাম্প বলেন, ‘সামরিকভাবে ইরান কার্যত শেষ। আমরা শুধু বর্তমান পরিস্থিতি বজায় রাখছি।’
ইরানের বিরুদ্ধে বিজয় ঘোষণা করে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার করছেন না কেন—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মিত্র রয়েছে। এখনই মার্কিন সেনা প্রত্যাহার করা হলে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে।
ইরান যুদ্ধ কার্যত শেষ, সমঝোতার আশাবাদী ট্রাম্প

তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়।’
ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার দাবি পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র শুধু স্বল্পমেয়াদি নয়, দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করতে চায়।
ট্রাম্পের ভাষায়, ‘তারা কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। তবে আমাদের নিশ্চিত করতে হবে, এটি যেন দীর্ঘমেয়াদি সমাধান হয়।’
এ সময় তিনি আবারও দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষের দিকে এগোচ্ছে।
তবে গত কয়েক মাস ধরে ট্রাম্প বারবার যুদ্ধের অবসান আসন্ন বলে মন্তব্য করে আসছেন—সাংবাদিকের এমন পর্যবেক্ষণের জবাবে তিনি তা অস্বীকার করেন। তাঁর দাবি, তিনি শুধু বলেছেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা বাধাগ্রস্ত হয়েছে। তবে সংঘাতের স্থায়ী অবসান এবং মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করাকেই এখন অগ্রাধিকার দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
Source - www.bd24live.com ↗