Bangladesh · 2026-11-10 13:00:08

বন্দুক হাতে বিয়ের সাজে ফারিণ, সঙ্গে তিন তরুণ—নেপথ্যে কী

বন্দুক হাতে বিয়ের সাজে ফারিণ, সঙ্গে তিন তরুণ—নেপথ্যে কী
বিয়ের সাজে তাসনিয়া ফারিণ। হাতে পিস্তল। তাঁকে ঘিরে দাঁড়িয়ে আছেন আরও তিন তরুণ। তাঁদের হাতেও বন্দুক। মঙ্গলবার (১০ নভেম্বর) এমন কয়েকটি ছবি প্রকাশের পরই তৈরি হয়েছে কৌতূহল। হঠাৎ বিয়ের সাজে অস্ত্র হাতে কেন ফারিণ? তাঁর সঙ্গে থাকা তিন তরুণই–বা কারা?
অবশ্য ছবিগুলোর পেছনের রহস্য কিছুটা খোলাসা করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। নতুন অরিজিনাল সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’র ঘোষণা দিতেই প্রকাশ করা হয়েছে ছবিগুলো। এতে ফারিণের সঙ্গে অভিনয় করছেন এরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখ। সিরিজটি পরিচালনা করছেন ইমরাউল রাফাত। চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।
মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে চরকি। একই সঙ্গে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছে অভিনয়শিল্পীদের নতুন লুক। ছবিগুলো দেখে গল্প সম্পর্কে কিছুটা অনুমান করা গেলেও নির্মাতারা এখনই সব রহস্য খোলাসা করতে চান না।
‘ডাকাতিয়া বাঁশি’র ঘোষণা দিতেই প্রকাশ করা হয়েছে ছবিগুলোদীর্ঘ বিরতির পর সিরিজে ফারিণ
সিনেমার কাজে ব্যস্ত থাকায় বেশ কিছুদিন ওটিটি সিরিজে দেখা যায়নি তাসনিয়া ফারিণকে। নতুন ধরনের গল্প ও চরিত্রের অপেক্ষায় ছিলেন তিনি। সেই সুযোগই পেয়েছেন ‘ডাকাতিয়া বাঁশি’তে।
এ সিরিজে ফারিণের চরিত্রের নাম ক্যামেলিয়া। তাঁর ভাষায়, ‘আমার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মতো চরিত্রটাও একটু ব্যতিক্রমী। সিরিজটা যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও অনেক অন্ধকার দিক আছে। সিরিজে আগে কখনো কমেডি করিনি, এবারই প্রথম।’
কেন এই গল্প বেছে নিলেন, সেটিও জানিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘ওটিটিতে থ্রিলার, খুনের রহস্য নিয়ে অনেক কাজ হচ্ছে। তাই এবার একটু ডার্ক কমেডি করতে চাইলাম। দর্শকেরাও নতুন স্বাদ পাবেন। আমার জন্যও এটি নতুন অভিজ্ঞতা।’
শিবলুর চরিত্রে কী রহস্য
সিরিজের ঘোষণার ছবিতে বন্দুক হাতে দেখা গেছে এরফান মৃধা শিবলুকে। তবে ছবি দেখে তাঁর চরিত্র সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না বলেই মনে করেন এই অভিনেতা ও সংগীতশিল্পী।
শিবলু বলেন, ‘এতটা সহজ হবে না। এটা মজার গল্প, এতে সন্দেহ নেই। কিন্তু আমার চরিত্রে সন্দেহ আছে। চরিত্রটা একেক সময় একেক রকম।’
শুধু রহস্য আর হাস্যরস নয়, গল্পে পারিবারিক সম্পর্কের বিষয়টিও তাঁর ভালো লেগেছে। শিবলুর কথায়, ‘এখানে একটি পরিবারের গল্প আছে। বিষয়টি আমার বিশেষ ভালো লেগেছে।’
অন্যদিকে পার্থ শেখের জন্যও সিরিজটি নতুন ধরনের অভিনয়ের সুযোগ। চরিত্রটির মনস্তত্ত্ব ও পরিস্থিতি নিয়ে কাজ করছেন তিনি। পার্থ বলেন, ‘চরিত্রের এমন কিছু স্তর আছে, যা আগে কখনো অভিনয়ে মোকাবিলা করিনি। প্রতিদিন চিত্রনাট্য পড়ে দেখছি, অভিনয়ের কোন জায়গায় কী করা যায়।’
‘ডাকাতিয়া বাঁশি’ দিয়ে দীর্ঘ বিরতির পর ওটিটির কাজে ফিরছেন পরিচালক ইমরাউল রাফাতডার্ক কমেডি নিয়ে ফিরছেন নির্মাতা
‘ডাকাতিয়া বাঁশি’ দিয়ে দীর্ঘ বিরতির পর ওটিটির কাজে ফিরছেন পরিচালক ইমরাউল রাফাত। তাঁর কাছে সিরিজ নির্মাণের বড় চ্যালেঞ্জ হলো, প্রতিটি পর্বে দর্শকের আগ্রহ ধরে রাখা।
রাফাত বলেন, ‘সিরিজ নির্মাণের কাজটা একটু কঠিন। প্রতিটি পর্বের শেষে এমন কিছু থাকতে হয়, যাতে দর্শক পরের পর্ব দেখার জন্য অপেক্ষা করেন। গল্পেও বিভিন্ন স্তর থাকা প্রয়োজন। অবশেষে তেমন একটি গল্প পেয়েছি।’
নির্মাতা জানান, সিরিজটিতে রয়েছে একের পর এক অপ্রত্যাশিত মোড়। তাঁর কথায়, ‘সিরিজ অনেক ধরনের হয়। এবার আমরা ডার্ক কমেডি বেছে নিয়েছি। এটি আমার পরিচিত ঘরানা। চ্যালেঞ্জ আছে, আর সেই চ্যালেঞ্জ নিতেই ভালো লাগে।’
সিরিজটির চিত্রনাট্যকার নাজিম উদ দৌলার দাবি, এটি প্রচলিত অর্থে থ্রিলার নয়। তবে গল্পের নানা ঘটনা দর্শকদের চমকে দিতে পারে। থাকবে অপ্রত্যাশিত কিছু মুহূর্তও।
‘ডাকাতিয়া বাঁশি’র লুকে শিল্পীরা কেন ‘ডাকাতিয়া বাঁশি’
ওটিটিতে রহস্য, অপরাধ ও থ্রিলারধর্মী সিরিজের আধিক্যের মধ্যে ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসতে চায় চরকি। প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ওটিটি প্ল্যাটফর্মে ডার্ক থ্রিলার বা মিস্ট্রি প্রায়ই দেখা যায়, কিন্তু ডার্ক কমেডি তুলনামূলক কম। সে কারণেই দর্শকদের জন্য এবার এ ধরনের কাজ নিয়ে আসা।
রেদওয়ান রনির প্রত্যাশা, ‘ডাকাতিয়া বাঁশি’ দর্শকদের নতুন ধরনের বিনোদন দেবে। তাঁর কথায়, ‘চরকি বরাবরই দর্শকদের ভিন্ন স্বাদের কনটেন্ট দেওয়ার চেষ্টা করেছে। আমার বিশ্বাস, ছকভাঙা এই সিরিজটিও দর্শকদের নতুন রকমের আনন্দ দেবে।’
সিরিজটির গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেল।
চরকি জানিয়েছে, শিগগিরই ‘ডাকাতিয়া বাঁশি’ মুক্তির সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট দিন এখনো ঘোষণা করা হয়নি। বিয়ের সাজে ফারিণের হাতে পিস্তল কেন, আর তাঁকে ঘিরে থাকা তিন তরুণের সঙ্গে তাঁর সম্পর্কই–বা কী—এসব প্রশ্নের উত্তর মিলবে সিরিজটি মুক্তির পর।

Source - www.prothomalo.com ↗