Bangladesh · 2026-11-10 13:04:23

এখনো আমাদের দারিদ্র্য কমানোর স্বপ্নই দেখতে হচ্ছে

এখনো আমাদের দারিদ্র্য কমানোর স্বপ্নই দেখতে হচ্ছে
জাহিদ হোসেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ। প্রথম আলোর সঙ্গে তিনি কথা বলেছেন বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মনজুরুল ইসলাম
বাংলাদেশের অর্থনীতি এখন কোথায় দাঁড়িয়ে আছে? বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় উদ্বেগ ও আশার জায়গা কোনগুলো?
জাহিদ হোসেন: বাংলাদেশের অর্থনীতি একটি নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে আছে। বিশ্বব্যাংক, আইএমএফ কিংবা পিপিআরসির সাম্প্রতিক প্রতিবেদন ও জরিপে সে চিত্রই পাওয়া যায়। আমাদের উন্নয়নের সবচেয়ে উল্লেখযোগ্য অর্জনগুলোর একটি ছিল দারিদ্র্য কমানো। এখন সেটিই উল্টো দিকে যাচ্ছে। দরিদ্র মানুষের সংখ্যা ও হার দুটিই বাড়ছে। বড় ধরনের পরিবর্তন না এলে সামনের দিনেও এই প্রবণতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
প্রবৃদ্ধিও দুর্বল হচ্ছে। মূল্যস্ফীতি বাড়ছে; যখন বাড়ছে না, তখনো উচ্চপর্যায়ে আটকে থাকছে। প্রকৃত মজুরি কমছে। কর্মসংস্থান বৃদ্ধিতেও গতি নেই। অর্থনীতি মানুষের জীবনে শেষ পর্যন্ত কী ফল দিচ্ছে, তা বোঝার জন্য এই বিষয়গুলো দেখতে হয়। সেসব জায়গায় পরিস্থিতি ভালো নয়।
তারপরও আশার জায়গা আছে। জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থান দেখিয়েছে, মানুষ অনির্দিষ্টকাল অপশাসন মেনে নেয় না। মতের ভিন্নতা সত্ত্বেও মানুষ একটি লক্ষ্য সামনে রেখে সংগঠিত হতে এবং পরিবর্তন ঘটাতে পারে। অপশাসনের বিরুদ্ধে জবাবদিহি আদায়ের একটি বাস্তব দৃষ্টান্ত তৈরি হয়েছে। কেউ হয়তো কয়েক বছর জবাবদিহি এড়িয়ে চলতে পারে, কিন্তু একসময় তাকে মানুষের মুখোমুখি হতেই হয়।
গণ-অভ্যুত্থান যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সম্ভাবনা তৈরি করেছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। অনেক ঘটনায় আশাভঙ্গও হচ্ছে। তারপরও মানুষের সংগঠিত হওয়ার শক্তিকে ছোট করে দেখার সুযোগ নেই। আমাদের অতীতের উন্নয়নেও এই শক্তির ভূমিকা ছিল। নানা প্রতিকূলতার মধ্যেও আয়ু বেড়েছে, দারিদ্র্য কমেছে, শিল্পায়ন হয়েছে। একসময় সাত কোটি মানুষের খাদ্য জোগানো যাবে কি না, তা নিয়ে বড় সংশয় ছিল। কৃষিতে বড় পরিবর্তন এসেছে। আরও অনেক বেশি মানুষের খাদ্যের ব্যবস্থা হয়েছে। অর্থাৎ প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ পরিবর্তন ঘটাতে পারে। এটাই আমার কাছে সবচেয়ে বড় আশার জায়গা।
আগামী ১০-১৫ বছরে আমরা কেমন অর্থনীতি গড়ে তুলতে চাই? তার জন্য এখন থেকেই কোন প্রস্তুতিগুলো নেওয়া দরকার?
জাহিদ হোসেন: স্বাধীনতার ৫৫ বছর পরেও একটি বড় জনগোষ্ঠী দরিদ্র কিংবা দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছে। এটি গভীর উদ্বেগের বিষয়। অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তি তো মুক্তিযুদ্ধের অন্যতম আকাঙ্ক্ষা ছিল। এত বছর পরেও এত মানুষকে অনিশ্চয়তার মধ্যে রেখে দেওয়া সেই আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ নয়। একসময় আমাদের উদ্বেগ ছিল, দারিদ্র্য কমার গতি ধীর হয়ে যাচ্ছে। এখন উদ্বেগ আরও বড়, দারিদ্র্য বাড়ছে। ১০ বছর আগে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে প্রশ্ন করলে হয়তো বলতাম, আগামী দশকে দারিদ্র্য কমিয়ে আনতে চাই। আজও একই স্বপ্নের কথা বলতে হচ্ছে।
আগামী ১০-১৫ বছরের লক্ষ্য হওয়া উচিত দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে কমানো এবং দারিদ্র্যসীমার ওপরের মানুষকে অর্থনৈতিক নিরাপত্তা দেওয়া। শুধু সীমার ওপরে উঠলেই হবে না; অসুস্থতা, কাজ হারানো বা অন্য কোনো ধাক্কায় যেন আবার নিচে নেমে যেতে না হয়। এ জন্য দুটি বিষয় একসঙ্গে ঘটতে হবে, মাথাপিছু আয় বাড়তে হবে এবং আয়বৈষম্য কমতে হবে। আয় বাড়লেও বৈষম্য বাড়তে থাকলে নিচের দিকের মানুষ যথেষ্ট সুফল পাবে না। আবার আয় না বাড়িয়ে শুধু বণ্টনে পরিবর্তন আনলে সবার জীবনমান উন্নয়নের সুযোগ সীমিত থাকবে।
এ জন্য কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও প্রকৃত মজুরি—তিনটিই বাড়াতে হবে। শুধু কাজের সংখ্যা বাড়লেই হবে না; সেই কাজে উৎপাদন এবং শ্রমিকের আয়ও বাড়তে হবে। উৎপাদনশীলতা বৃদ্ধির সুফল শ্রমিকের কাছে পৌঁছাতে হবে।
কৃষি, শিল্প ও সেবা—সব খাতেই এই যোগসূত্র তৈরি করা প্রয়োজন। আমাদের অভিজ্ঞতায় কোথাও কর্মসংস্থান বাড়লেও উৎপাদনশীলতা বাড়েনি, আবার কোথাও উৎপাদনশীলতা বাড়লেও কাজের সুযোগ কমেছে। ভবিষ্যতের পরিকল্পনায় এই বিচ্ছিন্নতা কাটানোই বড় কাজ।
বাংলাদেশের বহুমাত্রিক দারিদ্র্য: সাম্প্রতিক প্রতিবেদন ও কিছু কথাবাংলাদেশের অর্থনীতির বড় শক্তি হিসেবে পোশাকশিল্প, প্রবাসী আয় ও কৃষির কথা বলা হয়। ভবিষ্যতেও কি এগুলো আমাদের এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট হবে? নতুন সম্ভাবনা কোথায় দেখছেন?
জাহিদ হোসেন: এই তিনটি খাত বাংলাদেশের উন্নয়নের প্রধান স্তম্ভ। কিন্তু ভবিষ্যতেও শুধু এগুলোর ওপর একইভাবে নির্ভর করে আমরা বেশি দূর যেতে পারব না। এগুলোর সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি অর্থনীতির ভিত্তি আরও বিস্তৃত করতে হবে।
পোশাকশিল্পে এখনো বড় সুযোগ রয়েছে। একই পণ্য নতুন বাজারে নেওয়া এবং পণ্যে বৈচিত্র্য আনার সুযোগ শেষ হয়ে যায়নি। তবে সস্তা শ্রমের যে সুবিধার ওপর আমরা প্রতিযোগিতা করছি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন প্রযুক্তি তার সামনে চ্যালেঞ্জ তৈরি করছে। তাই অন্য শিল্পও গড়ে তুলতে হবে। চামড়াজাত শিল্প ও হালকা প্রকৌশলসহ কয়েকটি খাতের সম্ভাবনা নিয়ে
বহু বছর ধরে আলোচনা হচ্ছে। কিন্তু সেই সম্ভাবনাকে আমরা এখনো প্রত্যাশিত মাত্রায় বাস্তবে রূপ দিতে পারিনি।
কৃষি খাদ্যনিরাপত্তা এবং সংকটের সময়ে মানুষের জীবিকা রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনার সময় শহর থেকে গ্রামে ফিরে অনেকে কৃষিতে যুক্ত হয়েছিলেন। কিন্তু কৃষির প্রধান উপকরণ জমি বাড়ানোর সুযোগ নেই; বরং নগরায়ণ ও অবকাঠামোর কারণে আবাদি জমি কমছে। তাই অর্থনীতির বড় সম্প্রসারণ শুধু কৃষির মাধ্যমে হবে, এমন প্রত্যাশা করা যায় না।
প্রবাসী আয়ের ক্ষেত্রেও শুধু বিদেশে কর্মীর সংখ্যা বাড়ানোর একটি সীমা আছে। এখানে নতুন সুযোগ হচ্ছে দক্ষতার পরিবর্তন। মধ্যপ্রাচ্যের বাইরেও জাপান ও পূর্ব ইউরোপের মতো অঞ্চলে বয়স্ক মানুষের পরিচর্যাসহ বিভিন্ন কাজের চাহিদা তৈরি হচ্ছে। সেই চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে হবে।
আরেকটি বড় সম্ভাবনা আধুনিক সেবা খাতে। আমাদের তরুণেরা দেশে, এমনকি গ্রামে বসেও আন্তর্জাতিক বাজারে অনলাইনে কাজ করছেন। এই উদ্যোগ সীমিত পরিসরে গড়ে উঠেছে। প্রয়োজনীয় শিক্ষা, দক্ষতা ও প্রতিষ্ঠান তৈরি করতে পারলে তা অনেক বড় হতে পারে। আমাদের সামনে তাই তিনটি বড় পথ আছে—রপ্তানিতে বৈচিত্র্য আনা, দেশ-বিদেশের চাহিদা অনুযায়ী দক্ষতা তৈরি এবং প্রযুক্তি ব্যবহার করে আন্তর্জাতিক সেবাবাজারে প্রবেশ করা।
দারিদ্র্য কমলেও যে কারণে বৈষম্য বাড়ছেআপনি তরুণদের কথা বললেন; আমাদের বিপুল তরুণ জনগোষ্ঠীকে অর্থনীতির শক্তিতে পরিণত করতে কী করা প্রয়োজন?
জাহিদ হোসেন: এখানে দীর্ঘমেয়াদি চিন্তা প্রয়োজন। আমরা জনসংখ্যার যে সুবিধার কথা বলি, তা এখনো অনেকটা সম্ভাবনা হিসেবেই
রয়ে গেছে। বিষয়টি অনেকটা মাঠে ফসল থাকার মতো। ফসল গোলায় তুলতে না পারলে শুধু
মাঠে থাকায় লাভ নেই। প্রস্তুতিটা শুধু একজন তরুণের চাকরি খোঁজার বয়সে শুরু করলে হবে না। শিশুর প্রথম এক হাজার দিনের পুষ্টি ও পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে দীর্ঘস্থায়ী অপুষ্টি শিশুর বোঝা ও শেখার ক্ষমতায় দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে। এ জন্য গর্ভকালীন সেবা, নিরাপদ প্রসব, প্রসব-পরবর্তী পরিচর্যা এবং শিশুর প্রারম্ভিক বিকাশের সেবা পরিবারের কাছে পৌঁছাতে হবে। শৈশবে পুষ্টি ও পরিচর্যার বৈষম্য থেকে যে পিছিয়ে পড়া শুরু হয়, তা পরবর্তী শিক্ষা ও কর্মজীবনেও প্রভাব ফেলে।
আরেকটি বড় জায়গা শিক্ষা। স্কুলে ভর্তি বাড়ানো এবং ছেলেমেয়ের অংশগ্রহণের ব্যবধান কমানোর ক্ষেত্রে আমাদের অর্জন আছে। কিন্তু সংখ্যার এই অগ্রগতি শিক্ষার মানে সমানভাবে প্রতিফলিত হয়নি। সাম্প্রতিক জরিপেও শেখার ঘাটতির উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। পড়তে পারা, বুঝতে পারা, হিসাব করা, দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দক্ষতা এবং বিজ্ঞানের মৌলিক ধারণা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। এরপর আসে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রাসঙ্গিকতা। আমরা যে প্রশিক্ষণ দিচ্ছি, কর্মক্ষেত্রে তার চাহিদা আছে কি না, তা দেখতে হবে। স্বাস্থ্য ও শিক্ষায় শক্ত ভিত্তি তৈরি না হলে বিপুল তরুণ জনগোষ্ঠী থাকার সুবিধা আমরা পুরোপুরি পাব না।
দেশে দারিদ্র্য আর বিদেশে সম্পদের পাহাড় গড়ার ‘রূপকথা’যুদ্ধ, বিশ্ববাজারের অস্থিরতা কিংবা প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের অর্থনীতি সহজেই চাপে পড়ে। ভবিষ্যতের সংকট সামলানোর জন্য দেশকে কীভাবে আরও প্রস্তুত করা যায়?
জাহিদ হোসেন: বৈশ্বিক অনিশ্চয়তা ও সংকট আসবে, এটি ধরে নিয়েই প্রস্তুতি নিতে হবে। ২০২০ সালের পর আমরা করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং এখন ইরানকে ঘিরে যুদ্ধের মতো বড় ধাক্কা দেখেছি। একই বিশ্বে বসবাস করেও অনেক দেশ এসব ধাক্কা সামলে প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে। তাই শুধু বাইরের সংকট দিয়ে আমাদের অবস্থার পুরো ব্যাখ্যা করা যায় না। মূল বিষয় হচ্ছে ধাক্কা সামলানোর সক্ষমতা। সে জন্য আর্থিক খাত ও সরকারের রাজস্ব ব্যবস্থাপনায় শক্ত প্রতিষ্ঠান দরকার। মুদ্রানীতি, বিনিময় হার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তদারকি, সরকারি আয়-ব্যয়ের ব্যবস্থাপনা-সংকট মোকাবিলায় এগুলোই প্রধান হাতিয়ার। দক্ষ জনশক্তি ও শক্তিশালী বেসরকারি প্রতিষ্ঠানও প্রয়োজন। ধাক্কা এলে সেই ক্ষতি যেন শুধু একটি গোষ্ঠীর ওপর না পড়ে, তা দেখতে হবে। ক্ষতির বোঝা যতটা সম্ভব ন্যায্যভাবে ভাগ করে নেওয়ার ব্যবস্থাও সক্ষমতার অংশ।
এই জায়গায় বাংলাদেশের উন্নয়নের পরিবর্তিত চিত্রটি বোঝা দরকার। একসময় সীমিত আয় ও নানা প্রতিকূলতার মধ্যেও আয়ু বৃদ্ধি, শিশুমৃত্যু ও দারিদ্র্য কমানোর ক্ষেত্রে বাংলাদেশ প্রত্যাশার চেয়ে বেশি অর্জন করেছিল। একে ‘বাংলাদেশ প্যারাডক্স’ বলা হতো। এখন প্রশ্নটি উল্টো। অতীতের অর্জনের ভিত্তিতে যতটা এগোনোর কথা ছিল, ততটা এগোতে পারছি না কেন? প্রত্যাশার চেয়ে বেশি অর্জনের জায়গা থেকে আমরা উন্নয়নের ঘাটতির দিকে যাচ্ছি। একে আমি ‘বাংলাদেশ পাজল’ বলছি। এর ব্যাখ্যার কেন্দ্রে রয়েছে সুশাসনের ঘাটতি।
সুশাসন শুধু আইন বা প্রতিষ্ঠান থাকার বিষয় নয়। ক্রিকেটের উদাহরণ দিলে বোঝা সহজ। খেলোয়াড় আছে, নিয়ম আছে, বোর্ড ও আম্পায়ারও আছে। কিন্তু প্রভাবশালী খেলোয়াড়ের অপরাধ উপেক্ষা করে সাধারণ খেলোয়াড়কে শাস্তি দিলে খেলা ন্যায্য থাকে না। অর্থনীতিতেও নিয়ম কীভাবে তৈরি হচ্ছে এবং কার ওপর কীভাবে প্রয়োগ হচ্ছে, তা গুরুত্বপূর্ণ। সংকটের প্রস্তুতি মানে শুধু কিছু অর্থ জমা রাখা নয়। নিয়মের ন্যায্য প্রয়োগ এবং প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিশ্চিত করতে হবে। এগুলো শক্তিশালী না হলে প্রতিটি নতুন ধাক্কায় পুরোনো দুর্বলতা আবার সামনে আসবে।
যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব বেশি, সেখানে দারিদ্র্য বেশিসরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক সময় অর্থনৈতিক পরিকল্পনার ধারাবাহিকতাও বদলে যায়। দেশের দীর্ঘমেয়াদি স্বার্থে কোন অর্থনৈতিক বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর একমত হওয়া জরুরি, আর সেই ঐকমত্যটা কীভাবে গড়ে উঠতে পারে?
জাহিদ হোসেন: অর্থনৈতিক লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে কতটা পার্থক্য আছে, তা দেখা দরকার। নির্বাচনের আগে দেওয়া ইশতেহারগুলো দেখলে মৌলিক বিষয়ে খুব বড় পার্থক্য পাওয়া যায় না। দারিদ্র্য কমানো, কর্মসংস্থান বাড়ানো, রপ্তানিতে বৈচিত্র্য আনা—এসব লক্ষ্য নিয়ে তো বড় ধরনের বিরোধ নেই। একইভাবে ব্যাংক খাত ঠিক করা, নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ, নিয়মকানুনের সংস্কার, অবকাঠামো ও বন্দরের উন্নয়ন—এসবের প্রয়োজন নিয়েও ব্যাপক ঐকমত্য রয়েছে।
সরকারের কৌশলপত্রে যে পুনঃস্থাপন, পুনরুদ্ধার ও সংকট সহ্য করার সক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে, সেগুলো নিয়েও মৌলিক আপত্তির জায়গা খুব বেশি নেই। তাই শুধু অর্থনৈতিক লক্ষ্য নিয়ে ঐকমত্যের অভাবকে প্রধান সমস্যা বললে আসল জায়গাটি ধরা পড়ে না।
রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার আগে দুর্নীতি দমন ও প্রতিষ্ঠান সংস্কারের যে প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় গেলে অনেক সময় তার সঙ্গে আচরণ মেলে না। অর্থনীতির জন্য যা ভালো, তা রাজনৈতিক আচরণে প্রতিফলিত হচ্ছে না কেন? এই ফাঁক বোঝা জরুরি। রাজনীতি ও অর্থনীতি পরস্পরকে প্রভাবিত করে। তবে বড় পরিবর্তনের সূচনা কোথা থেকে হবে, তা ভাবলে রাজনৈতিক পরিবর্তনের বিষয়টিই সামনে আসে। রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না এলে সুশাসন প্রতিষ্ঠা কঠিন, আর সুশাসন ছাড়া অর্থনৈতিক অগ্রগতিও টেকসই হবে না।
সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
জাহিদ হোসেন: আপনাকেও ধন্যবাদ

Source - www.prothomalo.com ↗